আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে। ট্রাইব্যুনাল-১-এর এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট) এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারে দেওয়া যায় কিংবা বলপূর্বক গুম করা যায়।

আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করেছেন। তাঁরা ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছেন। তাঁরা দিনের পর দিন এসব অপরাধ করেছেন। তখন মানুষের জানমাল তাঁদের হাতে জিম্মি ছিল। তাঁরা ইচ্ছা করলেই কাউকে তুলে নিয়ে যেতে পারতেন। জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে তাঁরা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাঁদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

এই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীর বক্তব্যে এসেছে, জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছেন। এ বিষয়টি হয়তো পরবর্তী তদন্তে উঠে আসবে।

পরে ব্রিফিংয়ে ‘পারসোনা নন গ্রাটা’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, তিনি জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন। তাঁর বেঁচে থাকার কোনো অধিকার নেই। শুধু ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।