ঢাকা বিশ্ববিদ্যালয়: সমাবেশে না গেলে ‘হলে থাকতে না দেওয়া’র হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ডাকা শান্তি সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের হল পর্যায়ের নেতাদের বিরুদ্ধে।

শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগ নেতারা তাঁদের বলেছেন, সমাবেশে না গেলে হলে থাকতে দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলভিত্তিক ফেসবুক মেসেঞ্জার গ্রুপে শান্তি সমাবেশে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার ‘নির্দেশ দিয়েছেন’ হল শাখা ছাত্রলীগের নেতারা। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই এই নির্দেশ দেওয়া শুরু হয়। এমন কয়েকটি ‘নির্দেশমূলক’ বার্তার স্ক্রিনশট গত রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আজ শুক্রবার বিকেলে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ হবে। নেতা-কর্মীদের বেলা পৌনে দুইটার মধ্যে সমাবেশস্থলে থাকতে বলেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছড়িয়ে পড়া স্ক্রিনশটের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির প্রথম আলোকে বলেন, এগুলো সম্পূর্ণ ভুয়া। এসবের কোনো ভিত্তি নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের মধ্যে ছাত্রদের ১৩টি হল ছাত্রলীগের নিয়ন্ত্রণে। তাদের নিয়ন্ত্রিত কক্ষ ও গণরুমগুলোয় থাকেন শিক্ষার্থীরা। বিনিময়ে ছাত্রলীগের কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে যেতে হয় তাঁদের।

বিজয় একাত্তর হলভিত্তিক একটি মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশটে দেখা যায়, হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম ওরফে সাকিব নেতা-কর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন, ‘সব রুমের সবাইকেই আসতে হবে। যারা বিভিন্ন কাজে হলের বাইরে, তাদের ফিরে আসতে বলো। যে রুম থেকে মিসিং হবে, সেই রুমে রাতে তৃতীয় বর্ষ যাবে।’

শাকিরুল আরও বলেন, ‘প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ, কেউ মিস দেওয়ার চিন্তা কোরো না। কাল আমরা কমপক্ষে ৬০ জন নিয়ে প্রোগ্রামে যাব। অবশ্যই শেষ পর্যন্ত সবার থাকা লাগবে। জুমার নামাজ শেষ করামাত্রই মিনিগেস্টরুমে থাকবে সবাই। আগামীকালের প্রোগ্রামের জন্য তৃতীয় বর্ষ কাউকে ছুটি দিবা না, সবার উপস্থিতি নিশ্চিত করো। যারা করবে না, তাদের রুমে থাকতে দেওয়া হবে না।’

আরেক স্ক্রিনশটে দেখা যায়, হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সাব্বির হোসেন ওরফে খোকা শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন, ‘১টা ৫০ মিনিটে আমরা হল থেকে বের হব।...যদি উপস্থিতির ব্যত্যয় ঘটে, তাহলে তার জন্য “সুন্দর নির্দেশনা” আগামীকাল রাতেই হবে। সবার জন্য প্রযোজ্য।’

এ বিষয়ে জানতে সাব্বির হোসেনের মুঠোফোনে কয়েক দফা কল করা হয়েছে। তবে তিনি ধরেননি।

প্রায় একই ধরনের আরও কয়েকটি বার্তার স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট হলের কয়েক শিক্ষার্থী বলেন, স্ক্রিনশটগুলোর সঠিক। তাঁদের সমাবেশে যেতে বলা হয়েছে। না গেলে হলে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আজ বেলা দুইটা থেকে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির মহাসমাবেশ করবে।