চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিযানে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত রোববার নগরের চারটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের চারটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিল। রোববার পরিচালনা করা এ অভিযানের নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম।

সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের জিইসি মোড়, গোলপাহাড় মোড়, শুলকবহর থেকে বহদ্দারহাট কাঁচাবাজার ও নতুন চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালানো হয়। ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে চার ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পাঁচলাইশ আবাসিক এলাকায় অবৈধভাবে নির্মিত একটি ক্লাবঘর উচ্ছেদ করা হয়েছে।

সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব ও পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, নগরের গোলপাহাড় মোড় এলাকায় ফুটপাত দখল করে এমনভাবে স্থাপনা তৈরি করা হয়েছিল যে পথচারীদের হাঁটার কোনো সুযোগ ছিল না। তাই সেগুলো উচ্ছেদ করা হয়েছে। অন্য তিনটি এলাকায়ও রাস্তা ও ফুটপাতের ওপর দোকানপাট গড়ে উঠেছিল। সেগুলো অপসারণ করা হয়েছে।

এদিকে নগরের ফিরিঙ্গীবাজার এলাকায় রাস্তা ও ফুটপাতের ওপর মালামাল ও নির্মাণসামগ্রী রাখার কারণে সাত ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।