ন্যাশনাল ব্যাংক

অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের আদেশ স্থগিত হয়নি, রুল নিষ্পত্তির নির্দেশ

সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত হয়নি। তবে এ-সংক্রান্ত রুল এক মাসের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংকের পক্ষে করা আবেদনের নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয়।

হাইকোর্টের রুলে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ পাচার ও দুর্নীতিতে জড়িত থাকায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট এই রুল দিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন। দুই মাসের মধ্যে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ন্যাশনাল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আপিল বিভাগে আবেদন করেন, যা গত ২৮ ডিসেম্বর চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি কার্যতালিকায় ওঠে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান।

আদেশের পর আইনজীবী শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট দুই মাসের মধ্যে অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন। আপিল বিভাগ এক মাসের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। তাই এর আগে রুল নিষ্পত্তি হলে স্থগিতাদেশের দরকার নেই। তবে অনুসন্ধান করতে আইনগত বাধা নেই। কিন্তু টেকনিক্যালি বাধা আছে। কেননা শিগগির হাইকোর্টে রুল শুনানির জন্য উদ্যোগ নেওয়া হবে।’

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ও তাদের পরিবারের সদস্যদের ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও দুদকে আবেদন করেছিলেন আইনজীবী চৌধুরী হাসান মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ব্যাংকের একজন শেয়ার হোল্ডার। এতে ফল না পেয়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করেন তিনি।