
সাইবার জগৎ নিরাপদ রাখতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। এ বিষয়ে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি হতে পারে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
আজ সচিবালয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দুজনই সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।
জুনাইদ আহ্মেদ বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে পাঁচ বছর আগে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছিল। ভারতের একটি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দল তিন মাস আগে বাংলাদেশ সফরে করে। তখন আলোচনা হয়, এ বিষয়ে দুই দেশের একসঙ্গে কাজ করাটা জরুরি।
প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশ এককভাবে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা এ নিয়ে একসঙ্গে কাজ করবেন। নৌপথে, আকাশপথে দুই দেশ যেমন একসঙ্গে কাজ করে, তেমনি সাইবার জগৎ নিরাপদ রাখতে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দুই দেশের মধ্যে চুক্তি সই হতে পারে।
জুনাইদ আহ্মেদ আরও বলেন, বাংলাদেশের ১২টি হাই–টেক পার্ক নির্মাণে লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় ১৯ কোটি ডলার ঋণ দিচ্ছে ভারত। এসব হাই–টেক পার্ক ২০২৫ সালের মধ্যে চালু হবে। ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত। এতে মানুষের কর্মসংস্থান হবে, রপ্তানি বাড়বে।
বৈঠকের বিষয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আইসিটি খাতের নানা বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
প্রণয় ভার্মা বলেন, তরুণদের কীভাবে আরও প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিজিটাল পেমেন্ট কীভাবে করা যায়, সে নিয়েও আলোচনা হয়েছে। এক দশকের বেশি সময় ধরে ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির কারণে উভয় দেশের মানুষ উপকৃত হয়েছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে।