
রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছে এবি পার্টি। দলটি বলেছে, সরকার জোর করে দেশ শাসন করতে গিয়ে সংবিধানের সব অধিকার ক্ষুন্ন করছে। বিরোধী দলের রাজনীতি করার পরিবেশ নষ্ট করছে। একদলীয় আচরণের মাধ্যমে সরকার শেষ মরণকামড় দিচ্ছে।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন দলের নেতারা।
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানের নিন্দা জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে এবি পার্টি।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান অভিযোগ করে বলেন, বিজয়ের মাস চলছে। এ সময়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার বদলে শাসকগোষ্ঠী সব মৌলিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করছে।
মজিবুর রহমান বলেন, নয়াপল্টন এলাকায় পুলিশের গুলিতে এখন পর্যন্ত মকবুল আহমদ নামে একজনের মৃত্যু হয়েছে। ২২ জন আহত হয়েছেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবীর রিজভী, শিমুল বিশ্বাস, আমানুল্লাহ আমান, আবদুস সালাম, শহীদ উদ্দীন চৌধুরীসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
গত কয়েকদিন ধরে আমরা মন্ত্রীদের হুমকি–ধমকি ও উত্তেজনা ছড়ানোর তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। অন্যায়ভাবে পুলিশ লেলিয়ে দিয়ে পরিকল্পিতভাবে সহিংসতাকে উসকে দেওয়া হয়েছে, বলেন মজিবুর রহমান।
এবি পার্টির এই নেতা আরও বলেন, সভা–সমাবেশ করা একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। সেখানে ন্যাক্কারজনক হামলা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে পুলিশি হামলা বন্ধ, জড়িতদের শাস্তি, নির্বিচার গণগ্রেপ্তার বন্ধ ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও গোলাম ফারুক, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমদ ভূঁইয়া, বি এম নাজমূল হকসহ অন্য কেন্দ্রীয় নেতারা।