বগুড়া–৪ ও বগুড়া–৬

হিরো আলমের পর স্বতন্ত্র আরও দুই প্রার্থী নির্বাচনে লড়ার সুযোগ পেলেন

হাইকোর্ট
ফাইল ছবি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ইলিয়াস আলীর এবং বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাদল সরকারের মনোনয়নপত্র গ্রহণ ও তাঁদের প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসক) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। ওই দুই প্রার্থীর করা পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ রুলসহ আদেশ দেন।

ওই দুটি আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করতে ও তাঁকে প্রতীক বরাদ্দ দিতে গতকাল মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট। এতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান হিরো আলম। এর এক দিনের মাথায় পৃথক রিটের পরিপ্রেক্ষিতে আরও দুই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

দুটি আসনে স্বতন্ত্র দুই প্রার্থীর আইনজীবী জানান, সংসদীয় আসনে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলীর এবং বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী বাদল সরকারের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তাঁরা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন, যা ১২ জানুয়ারি নামঞ্জুর হয়। পরে ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে তাঁরা পৃথক রিট করেন।

আদালতে বাদল সরকার ও ইলিয়াস আলীর শুনানিতে ছিলেন আইনজীবী মো. শামসুর রহমান। পৃথক বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।  

পরে আইনজীবী মো. শামসুর রহমান প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইলিয়াস আলী ও বাদল সরকারের নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল নামঞ্জুরের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে পৃথক দুটি আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগত বাধা নেই।

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করে।