চট্টগ্রাম নগরের পতেঙ্গার কাটগড় এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনের একটি পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। কেইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে আগুনের সূত্রপাত ঘটে। সড়কের পাশে হওয়ায় এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান প্রথম আলোকে বলেন, এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেছে। ওই এলাকার সোর্স লাইন বন্ধ করা হচ্ছে। তাদের একটি টিম ঘটনাস্থলে আছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, সড়কের পাশে হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের দল আছে। আগুন নেভানো হয়েছে।
এদিকে রাত ১০টার দিকে নগরের আমবাগান এলাকায় একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাত সোয়া ১০টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করছে।