দেশের রাজনীতিবিদদের দুর্ভাগ্য, তাঁরা মৃত্যুর পর কিছুদিন বেঁচে থাকেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এরপর সবাই ভুলে যায়। তখন পরিবারই আনুষ্ঠানিকতা, মিলাদ-মাহফিল করে থাকে।’
শনিবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘দলীয়ভাবে আমরা খুব কম নেতাকেই স্মরণ করি। আজকে জাবেদ মন্ত্রী আছে বলেই আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুদিবসটা এখন ভালোভাবে পালিত হয়। নওফেল আছে বলেই মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুদিবস ভালোভাবে পালন করা হয়। এই চট্টগ্রাম অনেক রাজনৈতিক তারকার জন্মস্থান।’
একে একে চট্টগ্রামের সব নেতা চলে যাচ্ছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘কেউ যায়, কেউ আসে। শূন্যস্থানও পূরণ হচ্ছে। কারও জন্য কিছু অপেক্ষা করছে না। এরপরও দলটাকে দলের মতো গড়ে তুলুন। প্রয়াত মোছলেম উদ্দিন দলের প্রতি অনুগত ছিলেন। সংগ্রাম, নির্যাতন, জেল-জুলুম তাঁকে নত করতে পারেনি। তিনি চট্টগ্রামের আপসহীন সন্তান।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জের ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনে গতি কমেছে, গলার জোর কমেছে। ১০ তারিখে দেশ দখল করে পরদিন খালেদা জিয়া দেশ চালাবে। তারেক রহমান ডিসিশন নেবে। এখন কোথায় গেল হম্বিতম্বি। লালকার্ড থেকে নীরব পদযাত্রায় এসেছে। নীরব পদযাত্রার পর হচ্ছে নিরীহ মানববন্ধন।’ তিনি আরও বলেন, ‘তাঁদের গলায় যত জোর, আন্দোলনে তত জোর নেই। আওয়ামী লীগকে ভয় পেয়েছে বিএনপি। বিএনপি জানে, নির্বাচন হলে শেখ হাসিনার আওয়ামী লীগ জিতবে। সে জন্য শেখ হাসিনার জনপ্রিয়তা ও নির্বাচনকে তারা ভয় পায়। এ জন্য তারা নির্বাচনে আসতে চায় না।’
আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘হাওয়া ভবনের লুটপাট দেশবাসী ভোলে নাই। আমেরিকা, সিঙ্গাপুরে কারা টাকা পাচার করেছে, সবাই জানে। বর্গির চেয়ে ভয়ংকর বিএনপি লুটেরা দল। এরা ক্ষমতায় গেলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা, স্বাধীনতার আদর্শ গিলে খাবে।’
স্মরণসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘সিরিয়াল ছিল আমার, কিন্তু মোছলেম উদ্দিন আমার আগেই চলে গেল। পলোগ্রাউন্ড জনসভায় যখন নেত্রী আসবে, তখনো সে ক্যানসার রোগী। সিঙ্গাপুর থেকে আসছে। আরেকবার যাওয়ার কথা ছিল। কিন্তু জনসভা সাফল্যমণ্ডিত করতে কাজ করেছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মোছলেম উদ্দিন আহমদ কর্মী থেকে নেতা হয়েছিলেন। তিনি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা।’
তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে মোছলেম ভাইও পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। দুজনই পাগলের অভিনয় করে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে মুক্তি পেয়ে আবার মুক্তিযুদ্ধে গিয়েছিলেন।
বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য অস্থায়ী। গয়েশ্বর বাবুও অস্থায়ী। শুধু খালেদা জিয়া ও তারেক রহমান স্থায়ী। গয়েশ্বর বাবু বলছেন, আগামী নির্বাচনে নাকি বিএনপি না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে।’
এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসেনি, আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়েনি, বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে। ২০১৮ সালে বিএনপি এসেও আসেনি। নির্বাচনী ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে গিয়েছিল ও ছয়টি আসন পেয়েছিল। আওয়ামী লীগের কোনো অসুবিধা হয়নি, বিএনপি বরং অস্তিত্ব সংকটে পড়েছে। তাই আগামী নির্বাচনে বিএনপি না এলে তারাই অস্তিত্ব সংকটে পড়বে।’
বিএনপি নির্বাচনে না এলেও দলটির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারের মতো শত শত আবদুস সাত্তার নির্বাচনে আসার জন্য তৈরি আছেন—গয়েশ্বর বাবুদের সেটি মাথায় রাখতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের প্রতিটি সংগঠনের সঙ্গে মোছলেম উদ্দিন আহমদ নিবিড়ভাবে জড়িত ছিলেন। মোছলেম চাচার সঙ্গে আমার অনেক স্মৃতি।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মোছলেম উদ্দিন আহমদের ভাই আফসার উদ্দিন সেলিম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, খাদিজাতুল আনোয়ার প্রমুখ।
স্মরণসভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদের মেয়ে কাজী শারমিন উপস্থিত ছিলেন।