সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আইনজীবী তৌফিকা করিম ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুঞার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে সাড়া দিয়ে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে সিআইডির পরিদর্শক মো. আশরাফুল ইসলাম বলেন, আসামিরা সংঘবদ্ধভাবে চাঁদাবাজির মাধ্যমে মোট ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা অর্জন করেছেন। পরে এসব অপরাধলব্ধ অর্থ পাচার করেছেন তাঁরা।
এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি রাজধানীর ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগ রোধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।