ওয়েবিনারে বক্তারা

অর্থবহ সংস্কার ছাড়া আইএমএফের ঋণ মানুষের উপকারে আসবে না

আইএমএফের ঋণ সহযোগিতা বিষয়ে ওয়েবিনারের আয়োজন করে এবি পার্টি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শমতো আর্থিক খাতে সংস্কারের অর্থবহ উদ্যোগ নিচ্ছে না সরকার। বরং ব্যাংক খাতে উদ্বেগজনকভাবে লুটপাটের ঘটনা ঘটছে। এ অবস্থায় দৃশ্যমান ও অর্থবহ সংস্কার না করে ঋণ পেলে তা দেশের মানুষের কোনো উপকারে আসবে না। উল্টো এই টাকা বিভিন্ন সিন্ডিকেটের হাত ধরে বিদেশে পাচার হওয়ার আশঙ্কাই বেশি।

আজ রোববার বিকেলে এবি পার্টি আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ৪৫০ কোটি ডলার ঋণ সহযোগিতার প্যাকেজ নিয়ে আলোচনার জন্য আইএমএফের প্রতিনিধিদলের ঢাকা সফর উপলক্ষে এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

ওয়েবিনারে জার্মান ফেডারেল শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের প্রকল্প গবেষক জিয়া হাসান বলেন, ‘তিন–চার বছর থেকে আসন্ন ও চলমান অর্থনৈতিক সংকট, ধরন, মাত্রা ও ভয়াবহতা নিয়ে কথা বলেছি। কিন্তু সরকার তাতে মোটেই নজর দেয়নি। বরং তাদের অসত্য বয়ান অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বিপর্যয়, ডলার–সংকট, ঋণপত্রের দায় মেটাতে না পারার বিপদ বারবার দেখানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করেছিলাম।’ সতর্ক করে তিনি বলেন, চলমান লুটপাটের উন্নয়নের ধারা দেশকে ব্যাপক ও এমন এক জটিল সংকটে ফেলবে, যা কয়েক যুগের জন্য দেশের সত্যিকার প্রবৃদ্ধিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে।

ওয়েবিনারে বক্তব্য দেন গবেষক জিয়া হাসান

টেকসই উন্নয়নবিষয়ক লেখক ফয়েজ আহমদ বলেন, এই সরকারের আমলে ঋণ বেড়েছে প্রায় চার গুণ। বেকারত্বের সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। কিন্তু উদ্যোক্তা সৃষ্টি বা চাকরির বাজার তৈরির কোনো পরিকল্পনা ও উদ্যোগ নেই বর্তমান সরকারের। কুইক রেন্টালের নামে যে লুটপাট হয়েছে, তার তদন্ত না করেই নতুন করে কয়েক গুণ বেশি মূল্যে ডলারে সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করা হয়েছে, এটা লুটেরাদের জন্য টাকা পাচারের আরেক উর্বর খাত হবে। বিপরীতে বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধার করে দেশে ফেরত আনার কোনো উদ্যোগ নেই।

সভাপতির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ড ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, সরকার যদি এখনই আর্থিক খাতে সংস্কার শুরু না করে, তাহলে সাধারণ জনগণের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। ক্রমাগত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বাড়তি চাপ মধ্য ও নিম্নবিত্তের জীবনকে কঠিনতর করে ফেলেছে। যেখানে দেশজ পণ্যের উৎপাদন খরচ বেড়েই চলছে, সেখানে অধিকতর রাজস্ব ও ভ্যাট আদায়ের লক্ষ্যে সাধারণ ব্যবসায়ীদের ওপর অন্যায় চাপ দেওয়া হচ্ছে, যা বাস্তবে আদায়যোগ্য ও কাম্য নয়।

ওয়েবিনারে আরও অংশ নেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রতিনিধি চিকিৎসক মোজাহেরুল হক, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার ও আইনজীবী গোলাম ফারুক, দলের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান প্রমুখ।