
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ব্যবসায়ী এম এন এইচ বুলুর করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটির বিচার এক বছরের মধ্যে শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
ওই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বুলুর করা আবেদনের (রিভিশন) শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। ফলে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকা মামলাটির কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
ঢাকার বিশেষ জজ আদালত–৮–এর বিচারক গত ৩১ জানুয়ারি ওই মামলায় এম এন এইচ বুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে অব্যাহতি চেয়ে বুলুর করা আবেদন খারিজ করেন। সেই অব্যাহতির আবেদন খারিজ ও অভিযোগ গঠনের বৈধতা নিয়ে ২২ ফেব্রয়ারি হাইকোর্টে রিভিশন আবেদনটি করেন বুলু।
আদালতে বুলুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মো. বোরহান খান। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
২০১৮ সালের ৭ অক্টোবর রমনা মডেল থানায় ওই মামলা করে দুদক। মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর বিরুদ্ধে ১০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯৮১ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন এবং ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকা মূল্যমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তাঁর ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়। ২০২২ সালের ৮ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৮–এ বিচারাধীন।