দুর্ঘটনায় নিহত চার বন্ধু
দুর্ঘটনায় নিহত চার বন্ধু

আজ বন্ধু দিবস

কোচিং সেন্টারটি এখনো আছে, শুধু নেই চার বন্ধু

চার বন্ধু একসঙ্গে একই এলাকায় বেড়ে উঠেছেন। সবাই স্নাতক (সম্মান) শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি একটি কোচিং সেন্টারে তাঁরা পড়াতেন। কিন্তু চার বন্ধু একসঙ্গে কিছু একটা করার তাগিদ অনুভব করেন। ঋণ নিয়ে সাড়ে চার মাস আগে নিজেরাই গড়ে তুলেন একটি কোচিং সেন্টার। এটির নামও রাখেন সব বন্ধুর নামের আদ্যক্ষরের সঙ্গে মিল রেখে। চট্টগ্রামের হাটহাজারীর খন্দকিয়া গ্রামের যুগীর হাট এলাকায় ‘আর অ্যান্ড জে’ নামের কোচিং সেন্টারটি চালু হয় গত ১৫ জুন।

কোচিং সেন্টারটি এখনো আগের জায়গাতেই আছে, শুধু নেই চার বন্ধু। একসঙ্গে তাঁরা চলে গেছেন না–ফেরার দেশে। গত ২৯ জুলাই কোচিং সেন্টারের ছাত্র, শিক্ষকদের নিয়ে তাঁরা মিরসরাইয়ে ঝরনা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে বড়তাকিয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় ওই চার বন্ধুসহ ১৩ জন নিহত হন। একজন মাইক্রোবাসচালক ছাড়া অন্যরা কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক।

চার বন্ধু হলেন নগরের এমইস কলেজের গণিত দ্বিতীয় বর্ষের ছাত্র জিয়াউল হক সজীব, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ওয়াহিদুল আলম জিসান, চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের রিজওয়ান চৌধুরী এবং চট্টগ্রাম মডেল কলেজ থেকে এইচএসসি পাস করে স্নাতক সম্মানে ভর্তির অপেক্ষায় থাকা মোস্তফা রাকিব।

ওই দিন সকালে বেড়াতে যাওয়ার আগে সবাই একসঙ্গে কোচিং সেন্টারের সামনে ছবি তোলেন। এটিই তাঁদের সবার একসঙ্গে শেষ ছবি। ছবিটি মোস্তফা রাকিব তাঁর ফেসবুকে পোস্ট দেন।

চার বন্ধুর কোচিং সেন্টার আর অ্যান্ড জে

কোচিং সেন্টারটিতে ছয়জন শিক্ষক ছিলেন। পারিবারিক কাজ থাকায় ঘটনার দিন মিরসরাইয়ে বেড়াতে যাননি জেসি আক্তার। আর ফুটবল খেলা থাকায় না গিয়ে বেঁচে যান আরেক শিক্ষক আবদুল্লাহ আরিফ। তিনি প্রথম আলোকে বলেন, জিয়াউল, ওয়াহিদুলসহ চার বন্ধু মিলে কোচিং সেন্টারটি গড়ে তুলেন। এর আগে তাঁরা আরেকটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। নিজেরা উদ্যোক্তা হয়ে এটি গড়ে তোলেন। কিছু একটা করার তাগিদ ছিল তাঁদের সবার মধ্যে। পড়াশোনা, খেলাধুলায় যেমন তাঁরা পারদর্শী ছিলেন, তেমনি ছাত্রজীবনেও উদ্যোক্তা হয়ে পরিবারকে সহযোগিতা করতেন।

জিয়াউলের বাবা আবদুল হামিদ। তিনি স্থানীয় একটি মুদিদোকানে চাকরি করেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। তাঁদের মধ্যে জিয়াউল হক সবার বড়। আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, একটি এনজিও থেকে কিস্তিতে ঋণ নিয়ে তাঁর ছেলে ও বন্ধুরা কোচিং সেন্টারটি চালু করে। কিস্তির ২০ হাজার টাকা শোধ করে। ভবনের মালিকের কাছে অগ্রিম হিসেবে আছে ২৫ হাজার টাকা। গ্রামের ছেলেমেয়েদের পড়ালেখায় সাহায্যের পাশাপাশি নিজেরা পড়াশোনার খরচ জোগানোর জন্য তাঁরা এটি চালু করে। শুরুতে বেশ সাড়াও পায়। ছেলে ও তার বন্ধুরা চলে যাওয়াতে এখন সবই শেষ।

ওয়াহিদুল আলমের ছোট বোন জেসি আক্তার ওই কোচিং সেন্টারের শিক্ষক। তিনি প্রথম আলোকে বলেন, এটির উদ্যোক্তারা সবাই না–ফেরার দেশে চলে গেছেন। শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। কোচিং সেন্টারটির কী হবে, বুঝতে পারছেন না।

বেড়াতে যাওয়ার আগে সবাই একসঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন

সরেজমিন সম্প্রতি দেখা যায়, যুগীর হাট বাজারের শেখ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কোচিং সেন্টারটিতে তালা ঝুলছে। এটির পাশে কাঠের দোকানদার মো. শাহেদ প্রথম আলোকে বলেন, এলাকার স্কুল, কলেজপড়ুয়াদের পদচারণে মুখরিত থাকত সেন্টারটি। এখন সুনসান নীরবতা। এখন শিক্ষার্থীদের কী হবে?

স্থানীয় বাসিন্দা চিকিৎসক মোহাম্মদ ইউসুফ মিঞা প্রথম আলোকে বলেন, ‘একজন ছাড়া নিহত সবাই স্কুল-কলেজের ছাত্র। পাশাপাশি তারা গ্রামে কোচিং সেন্টার চালায়। এলাকার মেধাবী এতগুলো ছেলে একসঙ্গে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। এই শূন্যতা কীভাবে পূরণ হবে, বুঝতে পারছি না।’