ব্যক্তিগত তথ্যে নজরদারির ব্যাপক ঝুঁকি রয়েছে

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় জনগণের ব্যক্তিগত তথ্যে অনুপ্রবেশের সুযোগ রাখা হয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা বলছে, বিশেষজ্ঞ ও অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে আইনের খসড়াটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা দরকার।

মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য উপাত্ত সুরক্ষা আইনটি করছে সরকার। টিআইবি আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা এই আইনের সর্বশেষ খসড়ার ওপর বিস্তারিত বিশ্লেষণ ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০ সেপ্টেম্বর জমা দেয়।

একই বিষয়ে টিআইবি আজ গণমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলেছে, উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় স্বাধীন কমিশনের পরিবর্তে সরকারের নিয়ন্ত্রণাধীন একটি এজেন্সি (সংস্থা) গঠন, দায়মুক্তির সুযোগ ও উপাত্ত স্থানীয়করণের মতো অবিবেচনাপ্রসূত বিধান জনগণের ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারির আশঙ্কাকে জোরদার করেছে।

উপাত্ত সুরক্ষার দায়িত্ব ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালকের ওপর ন্যস্ত রাখার বিধান সবশেষ খসড়ায় বাদ দেওয়া হলেও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার বন্ধে তা কোনো ভূমিকাই রাখবে না বলে মনে করছে টিআইবি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে একটি বিশেষায়িত এজেন্সি হিসেবে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি গঠন করা হয়েছিল। ভিন্নমত দমনে এবং ওই আইনের অপব্যবহারে সরকারের নিয়ন্ত্রণে থাকা সেই এজেন্সির নজরদারিমূলক ভূমিকা কারও অজানা নয়।’ তিনি বলেন, জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষার দায়িত্ব, টিআইবির সুপারিশের পরিপ্রেক্ষিতে মূলত ‘আইওয়াশ’ হিসেবে এই এজেন্সির পরিবর্তে একইভাবে একক নিয়ন্ত্রণ আর বিধি প্রণয়নের নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে সরকারের নিয়ন্ত্রণাধীন নতুন একটি এজেন্সি গঠনের প্রস্তাব করা হয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদের আরও একটা নিবর্তনমূলক সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। ব্যক্তিগত তথ্যের অপব্যবহার বন্ধের নিশ্চয়তা দিতে আন্তর্জাতিক চর্চার আলোকে সরকারি নিয়ন্ত্রণের ঊর্ধ্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করুন।’

টিআইবির অভিমত, উপাত্ত সুরক্ষা আইনের এ খসড়া তৈরির ক্ষেত্রে সবকিছুর ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে, এমন একটা ধারণা থেকে সরকার বেরিয়ে আসতে পারছে না। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার সংবিধানস্বীকৃত অধিকারের আলোকেই এ আইনের খসড়া করতে হবে।

ইফতেখারুজ্জামান বলেন, একটি আইনের কোনো একটি ধারাকে আলাদা করে বিবেচনার সুযোগ নেই। কারণ, আইনের বাস্তবায়ন সব কটি বিধানের সমন্বিত প্রয়োগের ওপর নির্ভরশীল। দেখা যাচ্ছে, সরকারের নিয়ন্ত্রণে আলাদা একটি এজেন্সি গঠনের কথা বলা হচ্ছে। অন্য ধারায় আবার ব্যক্তিগত তথ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে ব্যতিক্রম সৃষ্টি করে দায়মুক্তি দেওয়া হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে, সব ব্যক্তিগত তথ্য দেশের অভ্যন্তরে সংরক্ষণ করার বাধ্যবাধকতা। এই তিনটি বিধানকে একসঙ্গে বিবেচনা করা হলে এটা বুঝতে সমস্যা হয় না, এখানে সরকার যেন খেয়ালখুশিমতো জনসাধারণের তথ্যে অনুপ্রবেশের ও নজরদারির সুযোগ পায়, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

টিআইবি মনে করে, এমন ধারণা বাস্তবায়নের লক্ষ্য থেকেই ব্যক্তিগত তথ্যের স্থানীয়করণ (ধারা ৪৪) এবং স্থানান্তরের নিষেধাজ্ঞার (ধারা ৪৫) মতো অবাস্তব ও ঝুঁকিপূর্ণ বিধান এ খসড়া থেকে বাদ দেওয়া হচ্ছে না।

ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের উদাহরণ টেনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, শুরুতে এ দেশগুলো উপাত্ত স্থানীয়করণের কথা ভাবলেও বাস্তবতা বিবেচনায় সে অবস্থান থেকে সরে এসেছে। অথচ বাংলাদেশে তিন দফা এ আইনের খসড়া সংশোধন হতে দেখা গেলেও কোনো এক অজ্ঞাত কারণে এখনো সব তথ্য দেশেই সংরক্ষণের চিন্তা বাদ দেওয়া হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা ধরনের অ্যাপে দেওয়া তথ্য কীভাবে বাংলাদেশে মজুত করা হবে বা সেটা আদৌ বাস্তবসম্মত কি না? স্থানীয়করণের কারণে বাংলাদেশের ডিজিটাল সেবা রপ্তানি ২৯ থেকে ৩৮ শতাংশ কমতে পারে, এমন গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্যবসার খরচ বেড়ে যাবে অস্বাভাবিকভাবে। কারণ, ডেটা হোস্টিংয়ের (উপাত্ত রাখা) খরচ অনেক বেড়ে যাবে।

উপাত্ত রাখার সার্ভার স্থাপনের প্রয়োজনীয় অনুমতি, জমি অধিগ্রহণ, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং দক্ষ জনশক্তি কীভাবে নিশ্চিত করা হবে, সেটাও স্পষ্ট নয় বলে মনে করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘আগের খসড়ার মূল্যায়নের সময়েও আমরা বলেছিলাম, ব্যক্তিগত তথ্য আর উপাত্ত এক বিষয় নয়। কিন্তু এখন পর্যন্ত খসড়া প্রস্তুতকারীরা এ পার্থক্যই অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।’