চিকিৎসকের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ তদন্তের নির্দেশ

হাসপাতালে ভর্তির পরপরই তরিকুল ইসলামের এই ছবি তুলেছিল পরিবার
ছবি: পরিবারের সৌজন্যে

রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম তোহা ওরফে প্রিন্সের মৃত্যুতে সংশ্লিষ্ট চিকিৎসকের অবহেলা আছে কি না, তা নিরূপণে কমিটি গঠন করে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান মনোনীত তিন চিকিৎসকের (সহযোগী অধ্যাপকের নিচে নয়) সমন্বয়ে ওই কমিটি গঠন করতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছরের ৩০ জানুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

‘ভুল চিকিৎসায় খাদ্যনালি ছিদ্র হয়ে স্কুলছাত্রের মৃত্যু’ শিরোনামে চলতি বছরের ১৫ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, রাজধানীর খিলগাঁওয়ে ভুল চিকিৎসায় খাদ্যনালি ছিদ্র হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। তরিকুল ইসলাম তোহা ওরফে প্রিন্স গত বছরের ২৮ ডিসেম্বর মারা গেছে।

প্রতিবেদনটি যুক্ত করে সংশ্লিষ্ট চিকিৎসকের অবহেলা নিরূপণে কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চেয়ে ওই শিক্ষার্থীর বাবা আবুল কাশেমের গত সেপ্টেম্বরে ওই রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। সঙ্গে ছিলেন আইনজীবী বিভূতি তরফদার ও মুনতাসীর মাহমুদ রহমান। এই তিন আইনজীবী কোনো ধরনের ফি ছাড়া রিট আবেদনকারীকে আইনি সহয়তা দিচ্ছেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান প্রথম আলোকে বলেন, ওই স্কুলছাত্রের মৃত্যুতে অবহেলা নিরুপণ করে চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি, খিদমাহ হসপিটাল (প্রা.) লিমিটেড অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর কবিরসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে।