‘গায়েবি’ মামলা

‘ওই দিন এলাকাতেই ছিলাম না আমি’

বিএনপির দাবি, তাদের নেতা–কর্মীদের নামে ‘গায়েবি’ মামলা দেওয়া হচ্ছে। আসামিদের অনেকে আগাম জামিনের আশায় হাইকোর্টে ভিড় করছেন।

পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীদের গতকাল ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়
ছবি: দীপু মালাকার

‘আমি এই প্রথম মামলা খেলাম। যেদিনের ঘটনাকে কেন্দ্র করে মামলা দেওয়া হয়েছে, ওই দিন এলাকাতেই ছিলাম না আমি’, হাইকোর্ট প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার দুপুরে কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী।

উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বললেন, ‘মামলা হওয়ায় এখন এলাকায় যেতে পারছি না।’

গত ২৯ নভেম্বর উল্লাপাড়া থানায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপির ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। এ মামলার আসামি মোহাম্মদ আলী।

মামলায় নাম না থাকলেও বাড়িতে পুলিশ যায়। দুই রাত ধানখেতের খড়ের মধ্যে লুকিয়ে ছিলাম। তারপর ঢাকায় পালিয়ে আসি।
মো. লাবলু সরকার, সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড, ধনবাড়ী পৌর বিএনপি
নিরাপত্তা জোরদারে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান। গতকাল বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়

ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলাটি করেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রব।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ খবর পেয়ে ওই রাত বাড়ির পাশে বাগানে কাটান। পরদিন সকালে রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দিতে বাড়ি ছাড়েন। এরপর আর বাড়িতে ফিরে যাননি। গতকাল তিনিও আগাম জামিনের জন্য হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্ট প্রাঙ্গণে তাঁর সঙ্গে মামলার আসামি আরও ১৫-১৬ জনকে দেখা যায়।

আবদুল আজিজ বলেন, ‘এটি নিয়ে আমার বিরুদ্ধে মোট ৩৪টি মামলা হলো। বিএনপির রাজনীতি করায় এত মামলা।’ তিনি জানান, গত রোববার তাঁরা আবেদন করেছেন। তবে গতকাল পর্যন্ত শুনানি হয়নি।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদসহ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গত সেপ্টেম্বরের শেষের দিকে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। এরই মধ্যে দেশের সব বিভাগীয় শহরে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাবেশ করেছে দলটি। ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা।

বন্ধ করে রাখা নাইটিঙ্গেল মোড়–ফকিরাপুল সড়ক। গতকাল বেলা ৩টায়

বিএনপির দাবি, তাদের চলমান এই কর্মসূচির মধ্যে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুরোনো মামলা সচল হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নতুন করে মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা ‘গায়েবি’। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তাঁদের মধ্যে অনেকেই এখন আগাম জামিনের জন্য হাইকোর্টে ভিড় করছেন।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেমও গতকাল হাইকোর্টে এসেছিলেন আগাম জামিনের জন্য। সম্প্রতি থানা-পুলিশের করা একটি নাশকতা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছোট ছেলেটা দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ওর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ওর মায়ে ওকে নিয়ে স্কুলে যাচ্ছে। বাড়িতে থাকতে পারলে আমি নিয়ে যেতাম। আমি বাড়িতে থাকলে বাচ্চাটার মনও ভালো থাকত।’

গ্রেপ্তার এড়াতে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন উল্লেখ করে আবুল কাশেম বলেন, ‘এলাকা ছাড়ব না তো কী করব? প্রতিদিন বাড়িতে পুলিশ যায়।’

গতকাল আবুল কাশেমের সঙ্গে ধনবাড়ী উপজেলা বিএনপির আরও সাত–আটজন হাইকোর্ট প্রাঙ্গণে বসে ছিলেন। তাঁরা সবাই একই মামলার আসামি। তাঁরা জানান, নাশকতার অভিযোগে ৩ ডিসেম্বর বিএনপির ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে ধনবাড়ী থানা–পুলিশ মামলাটি করেছে। মামলায় এরই মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিরা পালিয়ে বেড়াচ্ছেন।

মামলায় নাম না থাকলেও পালিয়ে বেড়াচ্ছেন ধনবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লাবলু সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলায় নাম না থাকলেও বাড়িতে পুলিশ যায়। দুই রাত ধানখেতের খড়ের মধ্যে লুকিয়ে ছিলাম। তারপর ঢাকায় পালিয়ে আসি।’

নাশকতার মামলা হলেও তেমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন ধনবাড়ীর বিএনপির কর্মী মো. আলমগীর। তিনি বলেন, ‘মামলা দেওয়া লাগবে, তাই দিয়েছে পুলিশ। সারা দেশেই পুলিশ মামলা দিচ্ছে, আমাদেরকেও দিয়েছে। যেন আমরা বিএনপির সভা–সমাবেশে না যাই।’