বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ড

রায় পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়েছে

হাতকড়া
প্রতীকী ছবি

ফৌজদারি কার্যবিধির বিনা পরোয়ানায় গ্রেপ্তার (৫৪ ধারা) ও জিজ্ঞাসাবাদের ধারা (১৬৭ ধারা) প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের (রিভিউ) শুনানি ১৯ জানুয়ারি পর্যন্ত মুলতুবি করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ ওই সময় পর্যন্ত শুনানি মুলতুবি করেন।

এর আগে ২০১৬ সালের ২৪ মে আপিল বিভাগ ওই সব ধারা প্রয়োগ বিষয়ে কয়েক দফা সুপারিশ ও গাইডলাইন দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে রায় দেন। এই রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৭ সালে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা আজ শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিন সময়ের আরজি জানান। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল, অনীক আর হক ও মো. শাহীনুজ্জামান।

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রায়ের কিছু নির্দেশনা আইনের সঙ্গে সাংঘর্ষিক, যা আদালতে উপস্থাপন করা হবে। গুরুত্বপূর্ণ আইনগত ব্যাখ্যা জড়িত থাকায় আরও প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় চাওয়া হয়েছে। আদালত ১৯ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতুবি করেছেন। আশা করছি, সেদিন শুনানি শুরু হবে।’

দুই যুগ আগে ১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর বিচারপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটি ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে কয়েকটি সুপারিশ করে। এসব সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টসহ (ব্লাস্ট) অন্যরা হাইকোর্টে রিট করে। এর চূড়ান্ত শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এ বিষয়ে কয়েক দফা নির্দেশনাসহ রায় দেন। এ রায়ে ছয় মাসের মধ্যে ৫৪ ধারায় গ্রেপ্তার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রচলিত বিধি সংশোধন করার পাশাপাশি ওই ধারা সংশোধনের আগে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।

ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর ২০১৬ সালের ২৪ মে আপিল বিভাগ রায় দেন। রায়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ১০ দফা এবং অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ম্যাজিস্ট্রেট, বিচারক ও ট্রাইব্যুনালের প্রতি ৯ দফা গাইডলাইন দেওয়া হয়। এ রায় পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।