
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মধ্যে দ্রুত, নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনে জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীত করতে ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় পরিকল্পনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, সভায় ৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৫ হাজার ৯২৯ কোটি ৩ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন হিসেবে প্রকল্প সহায়তা রয়েছে ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকার। ছয়টি প্রকল্পের মধ্যে তিনটি নতুন ও তিনটি সংশোধিত প্রকল্প।
এম এ মান্নান বলেন, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে অনুমোদিত প্রকল্পটি হল‘কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। ২০২৬ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভারতের আঞ্চলিক যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী হবে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রয়োজনীয় গবেষণা পরিচালনার পাশাপাশি চাষযোগ্য সকল জমিতে আবাদ করার মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী একনেক বৈঠকে গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোন চাষযোগ্য উর্বর জমি যেন অনাবাদি না থাকে।’
একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হল বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়ার সক্ষমতা বৃদ্ধির প্রকল্প, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প ও আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলসংযোগ নির্মাণ প্রকল্প।
এদিকে মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ‘আশা করছি আগামী অক্টোবর থেকে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। মূল্যস্ফীতি আমাদের উপর আর খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অস্থিরতার কারণে বাংলাদেশ মূল্যস্ফীতির চাপে রয়েছে, সেটি অব্যশই অস্বীকার করা যাবে না। যুক্তরাজ্যের মত উন্নত দেশেও এখন ১০ শতাংশের ওপরে মূল্যস্ফীতি বিরাজ করছে।’
এম এ মান্নান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় বাংলাদেশেও সরকার তেলের দাম হ্রাস করেছে। আশা করছি, আগামীতে সেটি আরও সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘আশার কথা হলো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও সেখান থেকে খাদ্যশস্য ও ভোজ্যতেল রপ্তানি শুরু হয়েছে।’