অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী এক বছরের জন্য তাঁকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে (পরিচিতি নম্বর ৫২৯১) তাঁর যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে মনজুর মোর্শেদ চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়।