তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে
তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে

তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ

ডিজিটাল সাংবাদিকতার বিকাশে পথ দেখানো তৌফিক ইমরোজ খালিদীর কর্মজীবনের নানা অধ্যায় তাঁকে স্মরণীয় করে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত সম্পাদকের স্মরণসভায় রাজনীতিক, সহকর্মী, বন্ধু, স্বজন ও বিশিষ্টজনেরা তাঁর সাংবাদিকতা, পেশাগত লড়াই ও ব্যক্তিজীবনের নানা স্মৃতি উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শীর্ষক এ সভা হয়।

স্মরণসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল খোলামেলা ও সরাসরি। বিভিন্ন রাজনৈতিক ও সংবাদবিষয়ক বিষয়ে তাঁদের মধ্যে মতবিরোধ ও তর্ক হতো। তবে ব্যক্তিগত বন্ধুত্বের কারণে সংবাদ প্রকাশে কখনো পক্ষপাত করতেন না তিনি। নিজের বা নিজের দলের বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও তিনি বস্তুনিষ্ঠতা বজায় রাখতেন। সাংবাদিকতার প্রতি তৌফিক ইমরোজ খালিদীর সততা ও নিষ্ঠার প্রশংসা করেন আমির খসরু।

তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির স্মৃতিচারণায় উঠে আসে তাঁর বড় ভাইয়ের বন্ধু হিসেবে স্কুলজীবন থেকে পরিচিত তৌফিক ইমরোজ খালিদীর ছাত্রজীবন ও সাংবাদিকতার নানা দিক। তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন স্পষ্টভাষী ও চিন্তাশীল।

জনস্বাস্থ্যবিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়জীবন থেকেই রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে তৌফিক ইমরোজ খালিদীর গভীর আগ্রহ ছিল। রাজনৈতিক সভা ও আলোচনায় তিনি কঠিন প্রশ্ন তুলতেন। মুক্ত সাংবাদিকতার পথে বাধা এলেও তাঁর তৈরি করা পথ ও মানদণ্ড ধরে রাখার আহ্বান জানান মুশতাক হোসেন।

আয়োজনের শুরুতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ তার ৩৩ বছরের সহকর্মী তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ করেন। লন্ডন থেকে ভিডিও বক্তব্যে কীভাবে খবরে সূত্রের নাম দিয়ে সংবাদ প্রকাশের ধরন বদলে দিয়েছেন খালিদী, তা বর্ণনা করেন তিনি।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান স্মৃতিচারণা করে বলেন, ছাত্রজীবন থেকেই অন্যায় দেখলে প্রতিবাদ করতেন তৌফিক ইমরোজ খালিদী। অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই সাহস পরবর্তী সময়ে তাঁর সাংবাদিকতাতেও প্রতিফলিত হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় উপস্থিত দর্শক–স্রোতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে

তৌফিক ইমরোজ খালিদীর ছেলে ও বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী বলেন, সাংবাদিকতা তাঁর বাবার কাছে শুধু পেশা ছিল না, ছিল দায়িত্ববোধ। চাপ ও হুমকির মুখেও সাংবাদিকতার স্বাধীনতা এবং স্বাধীন সংবাদকক্ষের ধারণার সঙ্গে আপস করেননি তিনি।

এর আগে বিকেল সাড়ে চারটায় এক মিনিট নীরবতা পালনের পর অনুষ্ঠান শুরু হয় সুজিত মুস্তফার সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। স্মরণসভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এসএম শামীম রেজা, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ, সাহেদ আকতার ও ইকতিয়ার চৌধুরী, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, চরচার সম্পাদক সোহরাব হাসান, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, আইনজীবী মনজিল মোরসেদ, কবি নুরুল হুদা, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, কবি ব্রাত্য রাইসু, গণসংহতি আন্দোলনের সদস্য সচিব আবুল হাসান রুবেল, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, জাপান দূতাবাসের থার্ড সেক্রেটারি তাকাহাশি মিনোরি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, বাসদের কেন্ত্রীয় কমিটির সদস্য ইমরান হাবিব রুমন, উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর।