চট্টগ্রামে দুই ওভারপাস নির্মাণে জটিলতা অবশেষে কাটছে

উচ্চতা জটিলতার কারণে থমকে আছে ওভারপাসের নির্মাণকাজ। চট্টগ্রাম নগরের সাগরিকা স্টেডিয়াম এলাকায়
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামে রেললাইনের ওপর দুটি ওভারপাসের (উড়ালসড়ক) নির্মাণকাজের জটিলতা অবশেষে নিরসন হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দুটি সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ওভারপাসগুলো নির্মাণ করা হচ্ছে। দুই বছর ধরে এগুলোর কাজ বন্ধ ছিল।

সিডিএর প্রকল্প দুটির একটি হলো চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্প। এই প্রকল্পে নগরের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়েছে। অপরটি নগরের বায়েজিদ বোস্তামীর বাংলাবাজার থেকে ফৌজদারহাট পর্যন্ত লুপ রোড বা সংযোগ সড়ক। দুটি সড়কই নগরের জন্য নতুন।

সিডিএ ও রেলওয়ের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আউটার রিং রোড প্রকল্পের আওতায় সাগরিকা এলাকায় রেললাইনের ওপর একটি ওভারপাস নির্মাণ হচ্ছে। অন্যদিকে অপর প্রকল্পের আওতায় ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর আরেকটি ওভারপাস নির্মাণ হচ্ছে।

ওই দুই ওভারপাস নিয়ে রেলওয়ে ও সিডিএর জটিলতার কারণ উচ্চতা। সিডিএর প্রকৌশলীরা জানিয়েছেন, তাঁদের প্রকল্প যখন অনুমোদিত হয়, তখন রেললাইনের ওপর ওভারপাস নির্মাণে নির্ধারিত উচ্চতা ছিল ৭ দশমিক ২ মিটার। সে অনুযায়ী ওভারপাসের উচ্চতা ৭ দশমিক ৬৫ মিটার রেখে তৈরি নকশায় নির্মাণকাজ শুরু হয়। নকশা অনুমোদনে রেলওয়ের কাছেও আবেদন করা হয়।  

ওভারপাস নিয়ে রেলওয়ে ও সিডিএর জটিলতার কারণ উচ্চতা। সিডিএর প্রকৌশলীরা জানিয়েছেন, তাঁদের প্রকল্প যখন অনুমোদিত হয়, তখন রেললাইনের ওপর ওভারপাস নির্মাণে নির্ধারিত উচ্চতা ছিল ৭ দশমিক ২ মিটার। সে অনুযায়ী ওভারপাসের উচ্চতা ৭ দশমিক ৬৫ মিটার রেখে তৈরি নকশায় নির্মাণকাজ শুরু হয়। ওই নকশা অনুমোদনের জন্য রেলওয়ের কাছেও আবেদন করা হয়।

তবে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই দ্বিতল (ডাবল ডেকার) ট্রেন চলাচলের জন্য রেললাইনের ওপর ওভারপাসের ন্যূনতম উচ্চতা সাড়ে ৮ মিটার নির্ধারণ করে রেলওয়ে। ফলে রেলওয়ের আপত্তিতে নির্মাণকাজ আটকে যায়। অনুমোদনের বিষয়টি শেষ পর্যন্ত দুই সংস্থার মন্ত্রণালয়ের মধ্যে গড়ায়। রেল মন্ত্রণালয় দ্বিতলবিশিষ্ট ট্রেনের জন্য সিডিএর আবেদন আটকে রেখেছিল।

পরে গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উচ্চতা জটিলতা নিরসনে রেলওয়েকে নির্দেশনা দেন। এরপর গত সপ্তাহে রেলওয়ে সিডিএর নির্মাণাধীন ওভারপাসের উচ্চতা অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, গত সপ্তাহে রেল মন্ত্রণালয় সিডিএর আবেদন অনুযায়ী ৭ দশমিক ৬৫ মিটার উচ্চতায় ওভারপাস নির্মাণে মৌখিক অনুমোদন দিয়েছে। চলতি সপ্তাহে অনুমোদনের চিঠি পাওয়ার পর আটকে থাকা নির্মাণকাজ আবার শুরু হবে। আগামী ডিসেম্বরের মধ্যে তা শেষ হবে।

কোট: আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে কর্ণফুলী নদীর তলদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যান চলাচল শুরু হবে। এ দুটি ওভারপাস না হলে টানেলের সুফল পাওয়া যাবে না। তখন আউটার রিং রোড ও ফৌজদারহাট এলাকায় যানজট লেগে থাকবে
—কাজী হাসান বিন শামস, প্রধান প্রকৌশলী, সিডিএ

কাজী হাসান বিন শামস আরও বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে কর্ণফুলী নদীর তলদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যান চলাচল শুরু হবে। এই দুটি ওভারপাস না হলে টানেলের সুফল পাওয়া যাবে না। তখন আউটার রিং রোড ও ফৌজদারহাট এলাকায় যানজট লেগে থাকবে। ওভারপাসগুলোর কাজ শেষ হয়ে গেলে ওই যানজট হবে না।

উচ্চতা নিয়ে চিঠি-চালাচালি

সিডিএ সূত্র জানায়, ওভারপাস দুটির নির্মাণকাজ শুরু করা হয় ২০১৮ সালের এপ্রিলে। এ ক্ষেত্রে ওভারপাসের নকশা প্রণয়ন ও নির্মাণকাজে ২০১৭ সালের রেলওয়ের নির্দেশনা অনুযায়ী ৭ দশমিক ২ মিটার উচ্চতা বিবেচনায় নেওয়া হয়।

নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, পরে ফৌজদারহাট এলাকায় ওভারপাস নির্মাণের জন্য নকশা অনুমোদনে ২০১৭ সালের ৩১ জুলাই রেলওয়েকে চিঠি দেয় সিডিএ। এই চিঠির পরিপ্রেক্ষিতে রেলের পক্ষ থেকে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর চিঠি দিয়ে জানানো হয়, রেলওয়ের কাঠামোয় নকশা প্রণয়ন করে পাঠাতে হবে। একইভাবে চট্টগ্রাম আউটার রিং রোডের জন্যও এ ধরনের নকশাসহ চিঠি দেওয়া হয়। এরপর ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর রেলওয়ের নির্ধারিত কাঠামোয় নকশা তৈরি করে তা অনুমোদনের জন্য পাঠায় সিডিএ।

উচ্চতা জটিলতার কারণে থমকে আছে ওভারপাসের নির্মাণকাজ

সিডিএর চিঠি পাওয়ার পর রেলের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন ও নকশা পর্যালোচনা করে এক প্রতিবেদন তৈরি করেন। ২০২০ সালের ১৮ অক্টোবরের এ প্রতিবেদনে বলা হয়, রেলওয়ের ২০১৯ সালের ২৬ আগস্ট জারি করা নির্দেশনা অনুযায়ী, রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ করতে হলে উচ্চতা হতে হবে সাড়ে ৮ মিটার। কিন্তু সিডিএর ওভারপাস দুটির ক্ষেত্রে উচ্চতা দশমিক ৮৭৭ মিটার কম। ওভারপাসের ৭৫ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু নির্মাণকাজ শুরুর আগে ওভারপাসটির উচ্চতার বিষয়ে কোনো অনুমোদন নেওয়া হয়নি।

২০২০ সালের ১২ নভেম্বর রেলওয়ের প্রধান প্রকৌশলীর পক্ষ থকে সিডিএর প্রধান প্রকৌশলীকে দেওয়া চিঠিতে বলা হয়, দুটি ওভারপাসের উচ্চতা রেলওয়ের নির্ধারিত উচ্চতার চেয়ে কম। তাই সাড়ে ৮ মিটার উচ্চতা নিশ্চিত করে নকশা অনুমোদনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

এর পর গত বছরের ১৩ জুন রেলওয়েকে দেওয়া আরেক চিঠিতে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, বর্তমানে রেলওয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ভার্টিক্যাল ক্লিয়ারেন্স সাড়ে ৮ মিটার হওয়ার কথা থাকলেও পূর্বের নির্ধারিত উচ্চতা অনুযায়ী প্রায় সব স্প্যানের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তাই নতুন করে নকশা প্রণয়ন করা একেবারেই অসম্ভব।

পরে ২০২১ সালের ৩১ মে সিডিএর প্রধান প্রকৌশলী রেলওয়ের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলেন, লুপ রোড প্রকল্প ২০১৬ সালের ২২ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। ২০১৮ সালের ১ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ওই সময়ের রেলওয়ের প্রজ্ঞাপন অনুযায়ী উচ্চতা রেখে নকশা তৈরি করেছে পরামর্শক প্রতিষ্ঠান। সিডিএও সেটি অনুমোদন করেছে। প্রকল্পের শুরু থেকে সিডিএ এ বিষয়ে রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তাই গুরুত্বপূর্ণ প্রকল্প দুটির কাজ দ্রুত শেষ করতে ৭ দশমিক ৬৫ মিটার উচ্চতায় অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।