বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভ দমনে শ্রমিক ও ট্রেড ইউনিয়নকর্মীদের ওপর চালানো সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর। দপ্তরের আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি বুধবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বিক্ষোভে সহিংসতায় পোশাকশ্রমিক রাসেল হাওলাদার ও মোসা. আঞ্জুয়ারা খাতুন নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ডিজাইন এক্সপ্রেস কারখানার মেইনটেন্যান্স অপারেটর ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য ২৬ বছর বয়সী হাওলাদার বিক্ষোভের সময় নিহত হয়েছেন। আর ২৩ বছর বয়সী সুইং অপারেটর ও দুই সন্তানের মা আঞ্জুয়ারা খাতুনও বিক্ষোভের সময় নিহত হয়েছেন।
শ্রমিকদের সভা-সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাঁদের ওপর সহিংস দমনাভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন থিয়া লি। পাশাপাশি রাসেল হাওলাদার ও আঞ্জুয়ারা খাতুন হত্যাকাণ্ডে পুলিশের সম্পৃক্ততার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
চলমান এই বিক্ষোভে সম্পৃক্ততার জন্য গ্রেপ্তার বাংলাদেশ ইনডিপেনডেন্ট গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশনের সংগঠক জুয়েল মিয়াকে অবিলম্বে মুক্তি দিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।
তা ছাড়া শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম এমন বেতন নিশ্চিতে শ্রমিকদের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পরবর্তী সময়ে পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার আহ্বান অনুযায়ী শ্রমিকদের সমাবেশ করার ও দাবি তুলে ধরার অধিকারের পূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা বিধানে বিদ্যমান শ্রম আইন সংস্কারেরও আহ্বান জানানো হয়েছে।