
রমজানের আগে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার স্থিতিশীল হয়ে আসবে বলে আশা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
কয়েক মাস ধরে এলপিজির বাড়তি দামে জন–অসন্তোষের মধ্যে আজ রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টারপ্ল্যান (ইপিএসএমপি-২০২৬)’ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
চলমান এলপিজির সংকট নিয়ে ফাওজুল কবির খান বলেন, এলপিজির বাজারের ৯৮ শতাংশই নিয়ন্ত্রণ করে বেসরকারি খাত। এলপিজির চাহিদা অনুযায়ী আমদানি হয়নি। আরেকটি সমস্যা হলো জাহাজের সংকট। ইরানের তেল কিনলে যুক্তরাষ্ট্র আগে নিষেধাজ্ঞা দেশের ওপর দিত। সম্প্রতি তারা যেসব জাহাজ ইরানের তেল পরিবহন করে, সেসব জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে জাহাজের একটা সংকট তৈরি হয়েছে।
ফেব্রুয়ারিতে এলপিজি সাপ্লাই বাড়বে জানিয়ে উপদেষ্টা বলেন, এর ফলে রমজানের আগেই এলপিজির বাজার স্থিতিশীল হয়ে উঠবে বলে তিনি আশা করছেন।
প্রসঙ্গক্রমে ফাওজুল কবির খান বলেন, ‘সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন অনেকে বলেছে যে ভয়াবহ লোডশেডিং হবে, উৎপাদন সংকটে পড়বে, রপ্তানি ব্যাহত হবে। কিন্তু ফলাফল হলো, আমরা একটা সম্পূর্ণ লোডশেডিংমুক্ত একটা রমজান পেয়েছি। লাইন বা গ্রিডের কারণে কোথাও কোথাও হয়তো লোডশেডিং হয়েছে। কিন্তু উৎপাদন সংকট বা সরবরাহ সংকটের কারণে কোথাও লোডশেডিং হয়নি।’
রমজানে সরকার গতবার যে রকম প্রস্তুতি নিয়েছিল, এবারও তেমন প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘একদম যে লোডশেডিং হবে না, সেটা আমি বলতে পারব না, তবে যে সরকার আসবে, তাদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না।’
রোববার জ্বালানি খাতের পাঁচটি অ্যাপের উদ্বোধন করেন মুহাম্মদ ফাওজুল কবির খান। অ্যাপগুলো হলো কেয়ারস্টেশন, যেটি ফিলিং স্টেশনগুলোতে জনবান্ধব ও নারীবান্ধব পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করবে; ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড, যার মাধ্যমে তেল-গ্যাসের উৎপাদন, পরিবহন, পরিচালন, বিপণনসহ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক রিয়েলটাইম উপাত্ত সরবরাহ করবে; এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন, যার মাধ্যমে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স পাওয়ার আবেদন করা যাবে; অয়েল পারচেজ নেগোসিয়েশন, যার মাধ্যমে জ্বালানির আন্তর্জাতিক বাজারের রিয়েলটাইম উপাত্ত সংরক্ষণ হবে; সজাগ ট্রেসপাস এলার্ট, যার মাধ্যমে পাথর, বালুর অবৈধ আহরণের তথ্য পাওয়া যাবে।
এসব অ্যাপ উদ্বোধনের আগে এগুলোর প্রায়োগিক কার্যকারিতা দেখতে চান জ্বালানি উপদেষ্টা। এ সময় তিনি অ্যাপগুলোর বেশ কিছু দুর্বলতা দেখে বলেন, জনগণের জন্য কী উপকারিতা নিয়ে আসছে এসব অ্যাপ, তা আগে দেখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম।