
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলা অংশে মহাসড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ আরও তিন দিন সময় চেয়েছে। গত বৃহস্পতিবার থেকে ভাঙা অংশ মেরামতের কাজ শুরু হয়েছে।
গত সোমবার (৭ আগস্ট) থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে ছিল। এর আগে ৪ আগস্ট থেকে টানা বৃষ্টি শুরু হয়।
সওজের দক্ষিণ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে মহাসড়কটির তিনটি উপজেলার অংশে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চন্দনাইশের কসাইপাড়া, দোহাজারী, সাতকানিয়ার কেরানীহাট, মৌলভির দোকানসহ বিভিন্ন এলাকা পানিতে তিন দিন ডুবে ছিল। এ কারণে কার্পেটিং উঠে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। কোথাও ৫০ মিটার, কোথাও ১০০ মিটার—এভাবে ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ দেড় কিলোমিটারের মতো হবে বলে জানান তিনি।
সরেজমিনে দেখা যায়, চন্দনাইশের খান হাট ও বাগিচাহাট এলাকায় সড়কের কার্পেটিং উঠে নিচের ইট দেখা যাচ্ছে। একইভাবে কসাইপাড়া এলাকায়ও স্থানে স্থানে বড় বড় গর্ত হয়েছে। এ ছাড়া সড়কের পাশের কিছু কিছু অংশ দেবে গেছে। সোমবার রাতে এই অংশ পানিতে তলিয়ে যায়। এ কারণে মহাসড়কের এই অংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার রাতে এখান থেকে পানি নামে।
একইভাবে পানি ওঠে সাতকানিয়ার মৌলভির দোকান, নয়াখালের মুখ ও কেরানীহাট এলাকার মহাসড়কে। এ ছাড়া লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায়ও পানি ওঠে। এসব জায়গাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক থেকে কক্সবাজার পর্যন্ত মহাসড়কটির দৈর্ঘ্য ১৪৫ কিলোমিটার। এর মধ্যে মইজ্যারটেক থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত ৬৫ কিলোমিটার অংশ সওজ চট্টগ্রাম দক্ষিণের অধীনে। মূল ক্ষয়ক্ষতিও হয়েছে এই অংশে।
কক্সবাজার অংশে তেমন ক্ষতি হয়নি বলে জানান সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহী আরেফিন। তিনি বলেন, মহাসড়কটির কক্সবাজার অংশে কিছু ছোট ছোট গর্ত হয়েছে। সেগুলোর মেরামত চলছে। তবে এদিকে বেশি ক্ষতি হয়নি।
পানি নেমে যাওয়ার পর গত বুধবার রাত থেকে মহাসড়কটিতে যান চলাচল পুনরায় শুরু হয়। তবে গর্ত থাকায় যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। এ ছাড়া ভাঙা অংশে যান চলাচলে সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে।
সওজ গতকাল শুক্রবার মৌলভির দোকান এলাকায় ভাঙা অংশ মেরামতের কাজ করেছে। তিনটি পিকআপের সাহায্যে ঘুরে ঘুরে ভাঙা অংশের মেরামত করা হচ্ছে।
জানতে চাইলে সওজ চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন বলেন, দক্ষিণ চট্টগ্রাম অংশে ক্ষতিগ্রস্ত মহাসড়কের মেরামতকাজ তিন–চার দিনের মধ্যে শেষ হবে।