সাক্ষাৎকার: মুহাম্মদ মাহবুব মোর্শেদ

স্কুলগুলোতে ভয়, অবিশ্বাস ও অশ্রদ্ধার সংস্কৃতি গড়ে উঠেছে

ড. মুহাম্মদ মাহবুব মোর্শেদ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহার আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদনে নানা বিষয় উঠে এসেছে। ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তে উঠে এসেছে, ছাত্রীটি হাসিখুশি ও কৌতূহলপ্রিয় হলেও পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সেটি তার বাবার কাছে জানানো নিয়ে ভয়ে ছিল। সে হতাশায়ও ভুগছিল। এ ছাড়া তার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল বলে মনে করছে তদন্ত কমিটি। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে শিক্ষকদের প্রাইভেট পড়ানোর একটি কঠোর চিত্রও ফুটে উঠেছে। এ তদন্ত কমিটি প্রাইভেট না পড়লে অকৃতকার্য করানোর অভিযোগের প্রমাণ না পেলেও তারা বলেছে, কঠিন প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থীদের মনে ভীতি সঞ্চার করে কৌশলে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করার তথ্য পেয়েছে। শিক্ষা অর্জন করতে একজন শিক্ষার্থীর আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নেওয়ার মতো পরিস্থিতিসহ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা মনোবিজ্ঞান ও নির্দেশনা বিভাগের চেয়ারপারসন ড. মুহাম্মদ মাহবুব মোর্শেদ। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ।

প্রশ্ন

প্রথম আলো: আপনি হয়তো জেনে থাকবেন, রাজধানীর হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। তদন্তে বেরিয়ে এসেছে, হাসিখুশি মেধাবী ছাত্রীটি স্কুলের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সেটি তার বাবার কাছে জানানো নিয়ে ভয়ে ছিল। সে হতাশায়ও ভুগছিল। বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করবেন?

মুহাম্মদ মাহবুব মোর্শেদ: বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন শিক্ষার্থীর জীবনের চেয়ে আর বড় কিছু নেই। শিক্ষা অর্জন করতে গিয়ে যদি একজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়, তাহলে সেটি আদৌ শিক্ষা কি না এবং তার উদ্দেশ্যই–বা কী, সেটি নিয়ে প্রশ্ন করা দরকার। আসলে আমাদের বিদ্যালয়গুলোতে এখন একটি ভয়, অবিশ্বাস, অশ্রদ্ধা, নিয়ন্ত্রণ, প্রতিদ্বন্দ্বিতা ও বিচ্ছিন্নতার সংস্কৃতি গড়ে উঠেছে। ফলে হতাশা, উদ্বেগসহ নানা সমস্যা, এমনকি আত্মহত্যার মতো ঘটনাগুলোও ঘটছে।

প্রশ্ন

প্রথম আলো: স্কুলের অভ্যন্তরীণ একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টিও শিক্ষার্থীদের ওপর বড় ধরনের মানসিক চাপ তৈরি করছে, সমস্যা কোথায়? এখানে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকাকে কীভাবে দেখবেন?

মুহাম্মদ মাহবুব মোর্শেদ: আসলে বিদ্যালয় তো সমাজ থেকে আলাদা কিছু নয়। আমাদের সমাজের প্রতিচ্ছবিই বিদ্যালয়ে ফুটে উঠেছে। আমাদের সমাজে যে ভয়, অবিশ্বাস, অশ্রদ্ধা, নিয়ন্ত্রণ, প্রতিদ্বন্দ্বিতা ও বিচ্ছিন্নতার সংস্কৃতি গড়ে উঠেছে, বিদ্যালয়েও তা–ই দেখা যাচ্ছে। বিদ্যালয় এখানে সমাজ রূপান্তরের দায়িত্ব নিতে পারছে না, বরং পুনরুৎপাদনের কাজ করছে। বিদ্যালয়ের নৈতিক অবস্থানটি দুর্বল হয়ে গেছে অনেকটাই। বিদ্যালয়ের পরীক্ষাগুলো পাবলিক পরীক্ষা না হলেও সেগুলোর প্রভাব শিক্ষার্থীদের ওপর মানসিক ও সামাজিক চাপ তৈরি করছে। এর ওপর বিদ্যালয়ে শিক্ষার্থীর অবস্থান, অভিভাবকের অবস্থান ও মর্যাদা—এগুলো নির্ভরশীল হয়ে পড়েছে। তার সঙ্গে প্রাইভেট টিউশন এবং আরও নানা উপায়ে আর্থিক লেনদেনের বিষয়টিও আছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক যেন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। পরিবার ও বিদ্যালয়ের মধ্যে যে যোগাযোগ, সেটি শিখনের জন্য কোনো অর্থবহ যোগাযোগ নয়, বরং শুধু পরীক্ষায় ভালো করা আর উচ্চ গ্রেড পাওয়ার জন্য লেনদেনে পরিণত হয়েছে। পরিবার, বিদ্যালয় ও সমাজে শিক্ষার সংকীর্ণ সংজ্ঞা এবং পারস্পরিক বিচ্ছিন্নতার শিকার হচ্ছে শিশুরা।

প্রশ্ন

প্রথম আলো: আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা কি শিক্ষার্থীবান্ধব বলে মনে করেন? অনেকে বলেন, এখনকার পড়াশোনা কার্যত পরীক্ষাবান্ধব। আপনার মূল্যায়ন কী?

মুহাম্মদ মাহবুব মোর্শেদ: আমরা একদিকে দেখেছি, আমাদের শিক্ষানীতি ও শিক্ষাক্রমে শিক্ষার্থীবান্ধব শিক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে অনেকগুলো পাবলিক পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং নীতিগত বৈপরীত্য তো আছেই। বিদ্যালয় পর্যায়েও দেখেছি, শিক্ষা বিষয়ে ধারণার সংকীর্ণতা, শিক্ষাক্রমের যথাযথ প্রয়োগ না থাকা এবং শিক্ষার ব্যাপক বাণিজ্যিকীকরণ হওয়ায় শিক্ষা পরীক্ষানির্ভর হয়ে পড়েছে। কিছু বিদ্যালয় হয়তো ব্যতিক্রম, কিন্তু মোটাদাগে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা মুখস্থভিত্তিক পরীক্ষানির্ভর হয়ে পড়েছে। উচ্চস্তরের চিন্তনদক্ষতা, মানবিক গুণাবলির চর্চা এবং জীবনমুখী শিক্ষার স্থান তেমন নেই এখানে।

প্রশ্ন

প্রথম আলো: হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কঠিন প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের মনে ভয় ঢুকিয়ে পরোক্ষভাবে প্রাইভেট পড়তে বাধ্য করা হতো। শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে নানা কৌশলে বাধ্য করার অভিযোগ মোটামুটি সারা দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই আছে। এ বিষয়ে কী বলবেন?

মুহাম্মদ মাহবুব মোর্শেদ: অভিযোগটি অত্যন্ত গুরুতর। হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয় একাডেমিক ফলের দিক দিয়ে দেশের সেরা স্কুলগুলোর একটি। মূল্যবোধ চর্চার জন্যও স্কুলটির সুনাম শুনেছি। সেখানে এ রকম একটি ঘটনার অভিযোগ ওঠা অবশ্যই উদ্বেগজনক। এমন অভিযোগ দেশের বেশির ভাগ শিক্ষকের জন্য সত্য, তা আমি বলব না। তবে নিশ্চয়ই কেউ কেউ এ রকম চর্চা করছেন। শিক্ষার্থীবান্ধব শিক্ষার অভাব ও শিক্ষার বাণিজ্যিকীকরণ তো রয়েছেই, আমাদের শিক্ষক নিয়োগপ্রক্রিয়া, প্রশিক্ষণ, জবাবদিহি, সুশাসন ও ন্যায়বিচারের ঘাটতি এবং শিক্ষার্থী ও শিক্ষকের মানসিক স্বাস্থ্য ও ওয়েল বিয়িংকে ক্রমাগত উপেক্ষা করা হয়তো এ রকম ঘটনাকে আরও উসকে দিচ্ছে।

প্রশ্ন

প্রথম আলো: দেশের শিক্ষা শিক্ষার্থীবান্ধব হোক, এটা প্রায় সবাই চায়, তাহলে এখানে করণীয় কী হতে পারে?

মুহাম্মদ মাহবুব মোর্শেদ: বিদ্যালয়ের বর্তমান শিখন–সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন, যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও যত্ন, সহমর্মিতা, বিশ্বাস, সহযোগিতা, অন্তর্ভুক্তি, বৈচিত্র্য, স্বাধীনভাবে কাজ করার সুযোগ এবং সামাজিক ও কাঠামোগত ন্যায্যতা নিশ্চিত করা দরকার। এগুলো প্রকৃত শিখন এবং মানসিকভাবে ভালো থাকার জন্য প্রয়োজনীয়। শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের মূল্যায়নে এই বিষয়গুলোর প্রতিফলন থাকতে হবে, শুধু মুখস্থবিদ্যার মূল্যায়ন নয়। এর জন্য প্রকৃত রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। ব্যাপক অর্থে বললে সমাজের সব অংশীজনকে সম্পৃক্ত করে শিক্ষায় পরিবর্তনের বিষয়টিকে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে দেখতে হবে এবং এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। পরিবার, সমাজ, বিদ্যালয়সহ সামাজিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের একসঙ্গে কাজ করা দরকার। পরিবর্তন সময়সাপেক্ষ, কিন্তু শুরু তো করতে হবে।

প্রশ্ন

প্রথম আলো: বর্তমান প্রজন্ম, অর্থাৎ এখনকার শিক্ষার্থীরা অনেক বেশি সংবেদনশীল। তো এই শিক্ষার্থীদের দেখভাল করার করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে করেন?

মুহাম্মদ মাহবুব মোর্শেদ: পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানগুলোর নিজেদেরই শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তাই শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য সম্পর্কে পরিবার, বিদ্যালয় ও সমাজ পর্যায়ে সচেতনতা গড়ে তোলা উচিত। শিক্ষার্থীর মধ্যেও আবেগীয় বুদ্ধিমত্তা বিকাশের ব্যবস্থা শিখন-শিক্ষণ কার্যক্রমে থাকা দরকার। যদিও মানসিক স্বাস্থ্যসেবা আমাদের দেশে অপ্রতুল, তবু শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হলে তার জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে নিতে হবে। কিন্তু পরিবার ও বিদ্যালয়ে যে বিষয়টি আমি সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করি, সেটি হলো শিখন ও সম্পর্কের সংস্কৃতির পরিবর্তন। টেকসই পরিবর্তন চাইলে আপৎকালে শিশুর মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও বিদ্যালয়ে পারস্পরিক শ্রদ্ধা ও যত্ন, সহমর্মিতা, বিশ্বাস, সহযোগিতা, অন্তর্ভুক্তি, বৈচিত্র্য, স্বাধীনভাবে কাজ করার সুযোগ এবং সামাজিক ও কাঠামোগত ন্যায্যতা নিশ্চিত করতে হবে।