ডেঙ্গু
ডেঙ্গু

শিশুসহ ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

দেশে আজ বুধবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টায় এক শিশুসহ তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ওই তিনজনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ছেলেশিশু (১০), ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এক নারী (৪০) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক পুরুষ (৭২) মারা যান।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৪। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। আর মহানগরের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে যথাক্রমে ৫০, ৩৯, ৩০, ১৪ ও ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে ৫৭ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৪ শতাংশ নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৮১২ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০৯ জনসহ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৪৬১ জন।