প্রথম আলো ফ্যাক্টচেক

ডে-কেয়ারে শিশুকে মারধরের ভাইরাল ভিডিওটি ভারতের

ডে-কেয়ার সেন্টারের একটি কক্ষে এক শিশুকে আরেক শিশু বারবার চড়, থাপ্পড় ও কামড় দিচ্ছে। এ সময় পাশে থাকা তৃতীয় আরেকটি শিশু তাকে বাঁচাতে এগিয়ে এলে সে–ও মারধরের শিকার হয়। পুরো ঘটনাটি ঘটে কোনো প্রাপ্তবয়স্কের উপস্থিতি ছাড়াই। এমন একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও কয়েকদিন ধরে দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিও পোস্টের মন্তব্যের ঘরে মোহাম্মদ ফরহাদ নামের একজন লিখেছেন, ‘ঘটনা কোথাকার? কোন ডে-কেয়ারের? সেই তথ্য জানাটা সবার জন্য প্রয়োজন। এখানে ডে-কেয়ারেরও দায় আছে।’

নাজনিন আক্তার তন্বী নামের একজন মন্তব্য করে জানতে চেয়েছেন, ‘ডে–কেয়ার সেন্টারটার নাম কী? কোথায় এটা?’

বাংলাদেশের একাধিক ফেসবুক পেজ ও কথিত অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ভিডিওটি এমনভাবে প্রচার করেছে, যাতে এটি বাংলাদেশের কোনো ডে-কেয়ার সেন্টারের ঘটনা বলে মনে হয়।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

এর মধ্যে ‘দ্য স্টুডেন্ট জার্নাল’ নামের একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে ভিডিওটি ‘ডে-কেয়ার সেন্টারে তিন শিশুর মারামারি, দেখার কেউ নেই’ শিরোনামে ২৮ জুন প্রকাশ করা হয়। পোস্টে #Daycare, #Bangladesh, #Parents এবং #TheStudentJournal হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। ভিডিওটি ৮৫ লাখের বেশিবার দেখা হয়েছে। এতে প্রায় ৮০ হাজার প্রতিক্রিয়া, ১৫ হাজার শেয়ার এবং প্রায় ২০ হাজার মন্তব্য পড়েছে।

লিংক: এখানে

একই তারিখে একইভাবে নিজেদের সংবাদমাধ্যম পরিচয় দেওয়া ‘ভোরের সময় অনলাইন’ নামের একটি ফেসবুক পেজ ভিডিওটি ‘মা, তুমি কোথায়? ডে-কেয়ারের সেই সিসিটিভি ফুটেজ কাঁদাচ্ছে পুরো দেশ’ শিরোনামে প্রকাশ করে। ক্যাপশনে ডে-কেয়ারে শিশু রাখার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়। ভিডিওটি প্রায় ২৭ লাখবার দেখা হয়েছে।

লিংক: এখানে

তবে কোনো পোস্টেই ঘটনাটি কোন দেশের বা কোন প্রতিষ্ঠানের, এ বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ফলে অনেক দর্শক ভিডিওটিকে বাংলাদেশের কোনো ডে-কেয়ার সেন্টারের ঘটনা বলে ধরে নেন। মন্তব্যগুলো ঘরেও তার প্রতিফলন দেখা যায়।

যাচাই করে জানা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলার সিডকো এলাকার ফার্স্টক্রাই ইনটেলিটটস প্রি-স্কুলের একটি ডে-কেয়ার সেন্টারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।

ভারতের একাধিক সংবাদমাধ্যম, যার মধ্যে এনডিটিভিও রয়েছে, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২২ জুন সকাল সাড়ে ১০টার দিকে এক আইনজীবী মা তাঁর ২৩ মাস বয়সী সন্তানকে ওই ডে-কেয়ারে রেখে যান। সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখাচ্ছে, বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে শিশুটির ওপর হামলার ঘটনাটি ঘটে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

প্রতিবেদনগুলোতে আরও জানানো হয়, হামলায় শিশুটির মুখ, নাক, ঠোঁট, বুক, পিঠ ও পায়ে আঘাত লাগে। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর শিশুটির অভিভাবক নিকটবর্তী থানায় প্রি-স্কুলটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ছয়জন কর্মীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশও নিশ্চিত করেছে, ঘটনাটি ২২ জুন ওই ডে-কেয়ার সেন্টারেই ঘটেছিল।

সুতরাং ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো ডে-কেয়ার সেন্টারের নয়।