কুমিল্লায় ট্রাক্টর চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুমিল্লা মুরাদনগর উপজেলার শুশুন্ডা এলাকায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—জেলার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের রিয়াজুল ইসলাম (২২) ও চাঁদপুর জেলার কচুয়ার মোশাররফ হোসেন (২৩)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, মুরাদনগরগামী একটি মোটরসাইকেল সাতমোড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

ওসি কামরুজ্জামান জানান, মরদেহ দুটি থানায় আনা হয়েছে। ট্রাক্টরটি শনাক্ত করার চেষ্টা চলছে।