রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় দুই পুলিশ ফাঁড়ির মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল জায়ের। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের আবাসিক শিক্ষার্থী।
আবদুল্লাহ আল জায়েরের সহপাঠী আবদুল গফুর জানান, রাতে জায়ের চারুকলার দিক থেকে মূল ক্যাম্পাসের দিকে আসছিলেন। রাত সাড়ে সাতটার দিকে তাঁর পথ রোধ করে ৮-১০ জন প্রথমে টাকা চায়।
পরে বিকাশে ১০ হাজার টাকা দিতে বলে। টাকা দিতে না পারায় তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা চলে যায়। ঘটনার পর তাঁকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাত পৌনে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ছিনতাইকারীর হাতে ছুরিঘাতের ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। রাত সাড়ে ১০টা দিকে সেখানে অবস্থান নিয়ে তাঁরা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উল্লেখ করে স্লোগান দিচ্ছেন। তাঁরা বলছেন, ‘ক্যাম্পাসে লুডু পুলিশ চলবে না, চলবে না’, ‘ক্যাম্পাসে ছিনতাইকারী, প্রশাসন কী করে’, ‘ক্যাম্পাসে টুকাই, পুলিশ কী করো’ ইত্যাদি। প্রশাসন ভবনের সামনে মতিহার জোনের এডিসি একরামুক হক, প্রক্টর আসাবুল হক, ছাত্র উপদেষ্টা তারেক নূর শিক্ষার্থীদের বোঝান। পরে তাঁরা গতকাল শুক্রবার রাতে পৌনে ১২টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করে।
বাংলা বিভাগের রবিউল ইসলাম বলেন, ‘আজকে আমার ভাইকে মেরেছে, কালকে স্যারকে মারবে আর প্রশাসন শুধু আশ্বাস দিয়েই যাবে।’
এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরনজিত মহলদার বলেন, ‘আবদুল্লাহ আল জায়ের ছুরিকাঘাতে আহত হয়েছে। জায়েরের মেরুদণ্ডের পাশে আঘাত লেগেছে। এখন ওটিতে নেওয়া হয়েছে।’
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনাস্থল দুই থানা এলাকায়। তাঁরা এখনো নিশ্চিত নন ঠিক কোন জায়গায় ঘটনাটি ঘটেছে। তবে জানার পর তাঁরা চারুকলা এলাকায় এসেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।