আটকে গেল টিটুর প্রার্থিতা, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাধা নেই

হাইকোর্ট
ফাইল ছবি

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই জেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ভোট গ্রহণ করতে বলা হয়েছে।

আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।

আদালতে আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। আলাবক্স টিটুর পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস।
মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, আলাবক্স টিটুর বিষয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। এ কারণে টিটুর প্রার্থিতা থাকছে না। নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নতুন তারিখ ঘোষণা করে ভোট গ্রহণ করতে বলা হয়েছে। এতে জেলা পরিষদটির নির্বাচনে আর কোনো বাধা থাকল না।

আইনজীবীদের দেওয়া তথ্যমতে, ঋণখেলাপির অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন আলাবক্স। ওই আপিল খারিজ করা হয়। এই আদেশের বিরুদ্ধে আলাবক্স রিট করেন।

এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করেন। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণ করে আলাবক্সকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। গত ২৬ সেপ্টেম্বর চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেন।

এর মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ অবস্থায় হাইকোর্টের একই আদেশের বিরুদ্ধে আবদুল ওয়াদুদ চেম্বার আদালতে আবেদন করেন। আদালত চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ শুনানি অনুষ্ঠিত হয়।