গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগে পরামর্শ দেবে মন্ত্রিসভা কমিটি

দেশে সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দিতে তিন সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি-বিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।

কমিটির অন্য দুই সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি দেশে সার উত্তোলন, বিতরণ এবং সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করবে। এসব কার্যক্রমের বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি।

কৃষি মন্ত্রণালয় এই কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।