আন্দোলন দমনে বলপ্রয়োগকারীদের ছাড় দেওয়া হবে না: গণতান্ত্রিক বাম ঐক্য

রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। ঢাকা, ০১ নভেম্বর
 ছবি: সংগৃহীত

যারা সরকারের তাঁবেদারি করতে গিয়ে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে বলপ্রয়োগ করে দমন করছে, তাদের ছাড় দেওয়া হবে না। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই কর্তৃত্ববাদী সরকার পদত্যাগ না করা পর্যন্ত জনতার আন্দোলন চলবে। রাজধানীতে আজ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা এসব কথা বলেছেন।

বিএনপি ও সমমনা দলের তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য এই কর্মসূচি পালন করে। বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)—এই চার রাজনৈতিক দলের জোট ‌‘গণতান্ত্রিক বাম ঐক্য’।

সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম, এসডিপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিপির মহাসচিব হারুন আল রশিদ খান ও এসডিপির কেন্দ্রীয় নেতা জামিলুর রহমান।

বক্তারা পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিক হত্যার বিচার ও তাঁদের প্রত্যাশিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি করেন।