নছিমন-করিমন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ছবি: বাসস

অনুমোদনবিহীন ইজিবাইক, নছিমন, করিমন নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিআরটিএর অনুমোদিত গাড়ির সংখ্যা ৫৫ লাখ ৮২ হাজার ৩১০। বর্তমানে অনুমোদনবিহীন ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটি প্রভৃতি যানবাহন রাস্তায় চলাচল করছে। এ ধরনের যানবাহন নিয়ন্ত্রণে একটি নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। নীতিমালা চূড়ান্ত হলে এসব যানের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ, বিষয়টি সত্য নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ ২০২০ সালে প্রকাশিত ওয়ার্ল্ড হেলথ র‍্যাঙ্কিং অনুসারে, ১৮৩টি দেশের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহারে বাংলাদেশের অবস্থান ৮৮তম। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও ভারতের অবস্থান যথাক্রমে ৭২, ৮২, ৮৫ ও ৯০তম; অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপদ সড়কের দিক থেকে ভারতের পরই বাংলাদেশের অবস্থান।

সড়ক দুর্ঘটনা রোধে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন সড়কে ছয়টি বাঁক সোজা করা হয়েছে। মহাসড়কে ডিভাইডার বসানো হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গত বছরের ৩০ জানুয়ারি থেকে পেশাদার মোটরযানচালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নকালে ডোপ টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, রেলওয়ের অব্যবহৃত ভূমি উপযোগিতা অনুসারে বাণিজ্যিক, কৃষি, মৎস্য চাষ, নার্সারি, পোলট্রি ফার্ম ইত্যাদি কাজে লিজ দেওয়া হয়। বর্তমানে যেসব জমি লিজ-বহির্ভূত, সেগুলোর অধিকাংশ রেলওয়ের অপারেশনাল কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। অব্যবহৃত জমির বেশির ভাগ নালা, ডোবা ও অন্যান্য প্রকৃতির। অব্যবহৃত জমির মধ্যে যেগুলো লিজযোগ্য, তা পর্যায়ক্রমে বাণিজ্যিক, কৃষি, মৎস্য চাষ, নার্সারি, পোলট্রি ফার্ম হিসেবে লিজ দেওয়া হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমানে দেশে পাটকলের সংখ্যা ২৬৮। এর মধ্যে সরকারি ৩১টি ও বেসরকারি ২৩৭টি। সরকারির পাটকলগুলোর মধ্যে (ইজারার মাধ্যমে) ৩টি ও বেসরকারি ১৭৫টি পাটকল চালু আছে।