ফার্নেস তেল
ফার্নেস তেল

ফার্নেস তেলের দাম লিটারে কমল ১৬ টাকা

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমানো হয়েছে। প্রতি লিটারের নতুন দাম ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কিছুটা কমবে।

আজ রোববার এ আদেশ জারি করেছে বিইআরসি। বর্তমানে প্রতি লিটার ফার্নেস তেল ৮৬ টাকায় বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এর আগে ফার্নেস তেলের দাম বিপিসিই নির্ধারণ করত, তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর এই প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করল।

বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এ তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

ফার্নেস তেলের দাম সবশেষ নির্ধারণ করা হয় ২০২৪ সালের ২ আগস্ট। এরপর অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব করে বিপিসি। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও প্রস্তাব পাঠায় বিইআরসিতে। এক বছর পর গত ২৯ জানুয়ারি এ প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি।

বিপিসি ও চার বিপণন কোম্পানি প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৮১ টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল। এটি পর্যালোচনা করে বিইআরসি গঠিত কারিগরি কমিটির মূল্যায়ন প্রতিবেদনে ৭৪ টাকা ৪ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়। তবে এতে আপত্তি জানিয়েছিল ফার্নেস তেলের প্রধান ক্রেতা পিডিবি। শুনানিতে তারা বলেছিল, প্রতি লিটার ফার্নেসের দাম ৫০ টাকা ৮৩ পয়সা হতে পারে।