প্রদর্শনী

শিল্পকর্মে সতীর্থকে স্মরণ

মিশুক এহসানের চারুকলার সহপাঠীদের সংগঠন একলব্য-এর আয়োজনে এ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়
ছবি: ইফতেখার উদ্দিন

দেয়ালের গায়ে সাঁটানো রয়েছে একই ধাঁচের ডজনখানেক চিত্রকর্ম। প্রায় সব কটিই কমলা, হলুদের মতো উজ্জ্বল রঙে আঁকা পরাবাস্তব ধাঁচে আঁকা। ছবিগুলো একটার পর অন্যটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন এক তরুণী। কিছুক্ষণ পর নৈঃশব্দ্য ভেঙে তিনি পাশে থাকা তরুণকে বললেন, শিল্পী হয়তো রঙিন জীবন পছন্দ করেন। তাঁর কল্পনার পৃথিবী নিশ্চয় অনেক রঙিন। তাই এ উজ্জ্বল রঙের আধিক্য।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি ভবনের তিনতলার একটি কক্ষে রঙিন চিত্রকর্মগুলো দেখতে দেখতে তরুণী শর্মী নিপু যখন এমন অভিব্যক্তির প্রকাশ ঘটাচ্ছিলেন, তখনো তিনি জানতেন না এসব ছবির স্রষ্টা তরুণ শিল্পী মিশুক এহসানের জীবনের আলো নিভে গেছে প্রায় চার মাস আগে। অবশ্য সেটি জানতে খুব একটা দেরি হয়নি। পাশে থাকা তরুণই তাঁকে জানালেন সে কথা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের চারুকলার ছাত্র প্রয়াত শিল্পী মিশুক এহসানের স্মরণে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখতে আজ শুক্রবার বিকেলে এক বন্ধুসহ নগরের আগ্রাবাদ থেকে আসেন তরুণী শর্মী নিপু। শিল্পকর্ম প্রদর্শনীতে তাঁর মতো ভিড় করেন নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী মানুষ।

মিশুক এহসানের চারুকলার সহপাঠীদের সংগঠন একলব্য-এর আয়োজনে এ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে মিশুকের চিত্রকর্ম-ভাস্কর্যের পাশাপাশি স্থান পেয়েছে তাঁর সতীর্থ আরও ১৫ জনের শিল্পকর্ম।

বন্ধুরা মিশুকের প্রতি ভালোবাসা জানাতে এ প্রদর্শনীর আয়োজন করে

আর্ট গ্যালারি ভবনের তিনটি কক্ষে আয়োজিত প্রদর্শনীর একটি কক্ষের পুরোটাতেই স্থান পেয়েছে মিশুকের শিল্পকর্ম। সতীর্থদের শিল্পকর্মগুলো অন্য দুটি কক্ষে প্রদর্শন করা হচ্ছে। শুক্রবার বিকেলে প্রায় প্রতিটি কক্ষেই দেখা যায় দর্শনার্থীদের ভিড়।

প্রদর্শনীতে কথা হয় আয়োজকদের একজন সুমিত চক্রবর্তীর সঙ্গে। প্রদর্শনীতে তাঁর আঁকা একটি ছবিসহ দুটি শিল্পকর্ম স্থান পেয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মিশুকের খুব ইচ্ছা ছিল মাস্টার্স শেষ করার পর সহপাঠীদের নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করার। ইচ্ছা পূরণের আগেই তার মৃত্যু হয়েছে। তাই আমরা বন্ধুরা তার প্রতি ভালোবাসা জানাতে এ প্রদর্শনীর আয়োজন করেছি।’

সুমিত চক্রবর্তী জানান, প্রদর্শনীতে ঠাঁই পাওয়া মিশুকের শিল্পকর্মের মধ্যে একটি রিলিফসহ দুটি ভাস্কর্য স্থান পেয়েছে। এ দুটি ভাস্কর্য বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনীতে পুরস্কার পাওয়া।

সুমিতের পাশেই ছিলেন মিশুকের আরেক সহপাঠী এমরান হোসেন। তিনি বলেন, ‘মিশুক অনেক ফর্মে তাঁর শিল্পচর্চা করেছেন। ছবি এঁকেছেন, ভাস্কর্য গড়েছেন, চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও জড়িত ছিলেন। তাই আমাদের প্রদর্শনীও নানা ধরনের শিল্পকর্মে সাজানো হয়েছে। আমাদের ইচ্ছা ছিল চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও রাখার। কিন্তু স্বল্প পরিসরে সুযোগ না থাকায় সেটি সম্ভব হয়নি।’

প্রদর্শনীতে তন্বী দাশ গুপ্তার আঁকা ‘বাস্তব আর অবাস্তবের ঘোর-২’ শীর্ষক মিশ্র মাধ্যমে আঁকা একটি চিত্রকর্ম দেখছিলেন নগরের চকবাজার থেকে আসা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী মনজুর আলম। তিনি বলেন, প্রদর্শনী থেকে দেশের তরুণ শিল্পীদের ঝোঁক, প্রবণতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। বেশির ভাগ চিত্রকর্মই বিমূর্ত ধাঁচের। সবার মধ্যেই একটি নিজস্ব ধারা তৈরির প্রবণতা লক্ষ করা গেছে।

আগামীকাল শনিবার রাত আটটায় প্রদর্শনীটি শেষ হওয়ার কথা রয়েছে

মৃণালিনী তন্দ্রা নামের চকবাজার থেকে আসা এক তরুণী বলেন, শিল্পী মিশুকের প্রতি তাঁর বন্ধুদের এ আয়োজন খুবই প্রশংসনীয়। মিশুক নিজে আমাদের সামনে না থাকলেও তিনি তাঁর শিল্পকর্ম ও বন্ধুদের ভালোবাসায় বেঁচে রয়েছেন।

গত বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন আবদুর রাজ্জাক, মাহবুবুল আলম, তন্বী দাশ গুপ্তা, এমরান হোসেন, ফাহাদ হাসান কাজমী, জয়তু চাকমা, নিশাত কামাল, মারুফ আদনান, অভি পাল, সুমিত চক্রবর্তী, রিপন বড়ুয়া, সোমা বড়ুয়া, সাকিন ওয়াহাব, উৎপল দেব ও শামীমা আক্তার। আগামীকাল শনিবার রাত আটটায় প্রদর্শনীটি শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৩ আগস্ট থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে শিল্পী মিশুক এহসান মারা যান।