
বরখাস্ত হওয়া গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তাঁর সময়ে সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের চলমান অনুসন্ধান ছয় মাসের মধ্যে শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, অনুসন্ধান শেষে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে। অনুসন্ধানে কোনো উপাদান পাওয়া গেলে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলো।
জাহাঙ্গীরের সময়ে গাজীপুর সিটি করপোরেশনের নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গত বছর অনুসন্ধান শুরু করে দুদক। অবশ্য ওই অনুসন্ধান শেষ করতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সিটি করপোরেশের বাসিন্দা আবদুর রহিম সরকার নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন। রিটে তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করেছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও একরামুল হক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানি করেন। এ ছাড়া জাহাঙ্গীরের পক্ষে আইনজীবী সরওয়ার আহমেদ শুনানি করেন। শুনানি নিয়ে রিটটি নিষ্পত্তি করে ওই আদেশ দেওয়া হয়।
যত দ্রুত সম্ভব অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়ার আরজি জানান রিট আবেদনকারীর আইনজীবীরা। শুনানিতে তাঁরা বলেন, গত বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি গঠন করা হলেও তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। দুদকের অনুসন্ধানও শেষ হয়নি। এ জন্য রুল দিয়ে আদালত অনুসন্ধান শেষ করতে সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন।
দুদকের অনুসন্ধান চলছে জানিয়ে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান করছে দুই সদস্যবিশিষ্ট দল। একপর্যায়ে আদালত বলেন, অনুসন্ধান কি অনন্তকাল ধরে চলবে?
তখন খুরশীদ আলম খান বলেন, ইতিমধ্যে ১৫ জনের বক্তব্য শুনেছে দুদক। নথিপত্র যাচাই–বাছাই করছে। অনুসন্ধান করতে সময় লাগবে। এ অনুসন্ধান চলমান অবস্থায় জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও দুটি অভিযোগ এসেছে। এ পর্যায়ে রুল দেওয়া সমীচীন হবে না, তবে অনুসন্ধান শেষ করতে সময়সীমা নির্ধারণ ও অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে আদালত আদেশ দিতে পারেন।
রিটটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জাহাঙ্গীরের পক্ষে আইনজীবী সরওয়ার আহমেদ অভিযোগ করে বলেন, আবেদনকারীর রিট করার যৌক্তিকতা নেই। অনুসন্ধান বিষয়ের জন্য দুদকই উপযুক্ত।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘প্রায়ই দেখি, আইনজীবী বন্ধুরা পত্রিকা নিয়ে চলে আসেন। আইনে সুনির্দিষ্ট বিধান আছে, দরখাস্ত করবে। দুদকে দরখাস্ত করতে পারে। দুদক কাজ না করলে তখন আদালতে আসতে পারে। ভিন্ন উদ্দেশ্যে আদালতকে যেন কেউ ব্যবহার না করতে পারে।’
এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানিতে বলেন, রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই।
২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এরপর একই বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। টেন্ডারবাজি, অযৌক্তিক লোকবল নিয়োগ করার পাশাপাশি বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ২৫ নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়। তবে ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গত জানুয়ারিতে তাঁকে ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ।