কাগজের ক্যানভাসে জীবনের স্মৃতি আঁকছেন নুশরাত

‘সমুদ্র সারস’ নামে সিরিজ ছবি আঁকছেন শিল্পী নুশরাত জাহান
ছবি: সংগৃহীত

পড়ন্ত বিকেলে পুতুল খেলায় মগ্ন কিশোরী। পাশে বসে মেয়ের চুলে বিলি কেটে দিচ্ছেন মা। বিদেশের মাটিতে শিল্পী নুশরাত জাহানের মনে উঁকি দেয় দেশের এমন শতসহস্র স্মৃতি। শৈশব-কৈশোর-তারুণ্যের স্মৃতিগুলো তিনি অ্যাক্রিলিক রঙে কাগজে ধরে রাখছেন।

ইউরোপের দেশ এস্তোনিয়ায় আছেন নুশরাত। আগামী চার বছর দেশটিতে থাকার অনুমতি পেয়েছেন তিনি। এস্তোনিয়ায় একটি কোম্পানিতে চাকরি করছেন নুশরাত। পাশাপাশি ছবি আঁকছেন।

‘সমুদ্র সারস’ নামের সিরিজের আওতায় নুশরাত ইতিমধ্যে অনেক ছবি এঁকেছেন। তাঁর ভাষায়, তিনি আসলে স্মৃতি আঁকছেন।

সিরিজটিতে কী নেই! গত শতকের নব্বইয়ের দশকে বাজার থেকে বাবার কিনে আনা প্রিন্টের পর্দা, ঘরের মোজাইকের মেঝে, বেতের চেয়ারে বসে উদাস মনে গ্রামোফোনে গান শোনা, বোনের বিড়াল ‘পাউ’—কোনো কিছুই বাদ যায়নি নুশরাতের ক্যানভাসে।

হালের ‘হলদি নাইটের’ ধামাকায় হারিয়ে গেছে চিরায়ত বাংলার গায়েহলুদের অনুষ্ঠান। গাঁদা ফুল, লাল লিপস্টিক, লাল টিপ আর আলতা পায়ের বিয়ের কনেকে এখন আর খুঁজে পাওয়া যায় না। বোনের বিয়ের স্মৃতি থেকে তা–ও রংতুলিতে ফুটিয়ে তুলেছেন নুশরাত।

গত এপ্রিল থেকে ‘সমুদ্র সারস’ সিরিজ শুরু করেন শিল্পী নুশরাত জাহান

চায়ের কাপ হাতে প্রিয়জনের জন্য অপেক্ষা, দুপুরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে প্রেমিকের কাছ থেকে পাওয়া চিঠি পড়া—এমন সব বিষয়ও নুশরাত ফুটিয়ে তুলছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সমুদ্র সারস’ সিরিজের ছবি শেয়ার করছেন নুশরাত। এতে তিনি দারুণ সাড়া পাচ্ছেন। তাঁর আঁকা ছবি দেখে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়ছেন। সেই অনুভূতির কথা মন্তব্যের ঘরে লিখেছেন অনেকে।

ছবি আঁকা নিয়ে নুশরাতের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। তিনি জানান, ২০১৯ সালের শুরুর দিকে মেক্সিকোর চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর একটি বই তাঁর হাতে আসে। ফ্রিদা তাঁর নিজের অভিজ্ঞতা রংতুলি দিয়ে ক্যানভাসে তুলে ধরতেন। ফ্রিদার জীবনের সঙ্গে তাঁর কাজের মেলবন্ধন নুশরাতকে মুগ্ধ করে।

নুশরাত বলেন, ‘কীভাবে পাহাড়সম দুঃখ নিয়েও নিজের সুখ খুঁজে পাওয়া যায়, তা ফ্রিদার কাজ আমাকে বুঝতে শিখিয়েছে।’

বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে নুশরাতের জন্ম। ১৯৯৮ সালের ডিসেম্বরে এক সড়ক দুর্ঘটনায় তাঁর বাবা মারা যান। তখন নুশরাতের বয়স মাত্র ৯ বছর। নুশরাতের বাবার মৃত্যুতে পরিবারটি বিপদে পড়ে। পরে ভাই খোরশেদ আলম সংসারের হাল ধরেন। একপর্যায়ে বোন ইশরাত জাহানের বিয়ে হয়। নুশরাত পাড়ি জমান ইউরোপে। এখন ঢাকায় ভাইয়ের সঙ্গে থাকেন মা মরিয়ম বেগম।

শিল্পী নুশরাত জাহান

নুশরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে অঙ্কন ও চিত্রায়ণে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। চারুকলা বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য তিনি ২০১৮ সালে এস্তোনিয়ায় যান। সেখানেও তিনি পড়াশোনা শেষ করেছেন। এখন তিনি শিল্পী হিসেবে দেশটিতে থাকার অনুমতি পেয়েছেন।

ছোটবেলা থেকেই আঁকতে পছন্দ করতেন নুশরাত। এইচএসসির পর শিশুদের ছবি আঁকা শিখিয়ে, টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন তিনি। ঢাবির চারুকলা থেকে পাস করার পর ছবি আঁকাকে পেশা হিসেবে বেছে নেন নুশরাত। ছবি আঁকার জন্য তাঁর কাছে দেশ-বিদেশ থেকে ফরমাশ আসত। ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে গ্রাফিতি—নানান ধরনের কাজের সুযোগ পান তিনি। একসময় বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা জাগে তাঁর। বৃত্তি নিয়ে পড়তে যান এস্তোনিয়ায়।

বিদেশে পড়তে যাওয়ার আগে একা থাকার খুব একটা অভিজ্ঞতা ছিল না নুশরাতের। এস্তোনিয়ায় গিয়ে একাকী জীবনের পাশাপাশি প্রাকৃতিক বৈরিতা, সাংস্কৃতিক তফাত তাঁর সঙ্গী হয়। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন তিনি।

শিল্পী নুশরাত জাহান তাঁর আঁকা ছবি ফেসবুকে শেয়ার করছেন

নুশরাত বলেন, ‘বিদেশের মাটিতে সবকিছুই একসময় সয়ে যায়। তবে রয়ে যায় পরিবার কাছে না থাকার শূন্যতা। কিন্তু আমি জীবনে যদি সময়োপযোগী কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি, তা ছিল এস্তোনিয়ার আর্ট একাডেমিতে মাস্টার্স করতে আসা। এখানকার বেশ কয়েকটি প্রদর্শনীতে অংশ নেওয়ার সুযোগ হয়েছে আমার।’

নুশরাত জানান, তাঁর মাস্টার্সের থিসিসের বিষয় ছিল চিত্রকলার সঙ্গে মেডিটেশনের সম্পর্ক। তখন বিশ্বে করোনা মহামারি হানা দিয়েছে। হোস্টেলের ছোট্ট ঘরে বসে তাঁকে থিসিস শেষ করতে হয়েছিল। থিসিস শেষে আয়োজিত প্রদর্শনীতে তিনি তুলে ধরেছিলেন, ছোট ঘরের সঙ্গে তাঁর নিজের চিন্তার সমন্বয়ের প্রতিফলন। সেই ছবিতে নুশরাত ব্যবহার করেন গাছ, পর্দার মতো নানান ঘরোয়া উপকরণ।

এস্তোনিয়ায় পড়াশোনা শেষ করে গত জানুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন নুশরাত। মার্চ পর্যন্ত থেকে ফিরে যান এস্তোনিয়ায়।

নুশরাত বলেন, দেশ থেকে ফেরার পরই মূলত তাঁর মনে নানান স্মৃতি হুমড়ি খেয়ে পড়ে। টুকরা টুকরা গল্প মন থেকে সরাতে পারছিলেন না তিনি। বাংলা নববর্ষের প্রথম দিনটিকে ফিরে পেতে চাইছিল তাঁর মন। এসব থেকেই গত এপ্রিল মাস থেকে ‘সমুদ্র সারস’ সিরিজের সূচনা করেন তিনি।

নুশরাত বলেন, যেকোনো স্পর্শকাতর বা কঠিন সময়ে স্কেচবুক আর রংতুলি তাঁকে অনেকটাই শান্ত রাখে। জীবনটা যে আসলে অজস্র স্মৃতির সমন্বয়ে গঠিত, তাঁর এই উপলব্ধি হয়েছে মূলত দেশ থেকে হাজার মাইল দূরে গিয়ে। তাই বিদেশে বসে ডাল রাঁধতে গিয়ে লবণ চেখে দেখার সময়ও মায়ের কথা মনে পড়ে। মায়ের রান্না করা ডালে পাঁচফোড়নের ঘ্রাণ কেমন ছিল, তা মনে উঁকি দেয়। বোন মাথায় তেল দিয়ে বেণি করে দিত, সে কথাও তাঁর মনে পড়ে।

‘সমুদ্র সারস’ সিরিজটি চালিয়ে যেতে চান শিল্পী নুশরাত জাহান

নিজের আঁকাআঁকির বিষয়ে নুশরাত বলেন, ‘নস্টালজিয়ার বিশালতাকে ছোট ছোট টুকরা করে আমি ছবি আঁকার সিরিজ শুরু করি। নাম রাখি সমুদ্র সারস। এস্তোনিয়ায় আমি একটি সারসকে প্রতিদিন খাবার দিতাম। সে খেয়ে কিছুক্ষণ পর চলে যেত। আমি প্রতিদিন তার ছবি তুলে রাখতাম। হঠাৎ একদিন দেখলাম, প্রতিদিন আসলে একটি পাখিই যে আমার এখানে আসে, তা নয়। অনেক সময় অন্য পাখিরাও আসে। অথচ আমি ভাবতাম, একটি পাখি বুঝি আমাকে ভালোবেসে প্রতিদিন দেখা দেয়। আমাদের স্মৃতি অনেকটা এমন, এক কাপ চায়ে চুমুক দিতেই মনে পড়ে যায়, দেশে থাকা মা কেমন চা বানাতেন। মুহূর্তগুলো আলাদা আলাদা। কিন্তু আবেগটা ঠিক একই।’

নুশরাতের আঁকা ছবিতে নারীদের প্রাধান্য রয়েছে; বিশেষত মা, গ্রামের তরুণী, বোন। অর্থাৎ চারপাশের চেনাজানা নারীরা ঘুরেফিরে তাঁর রং-তুলি-ক্যানভাসে উঠে এসেছে।

নুশরাতের মতে, এসব ছবিতে চাকচিক্য নেই। তবে মায়া আছে। নারীদের জীবনের ছোট ছোট প্রাত্যহিক কাজও যে শিল্পগুণসম্পন্ন হতে পারে, সেটা তেমনভাবে ভাবা হয় না। তবে তিনি সেসব মুহূর্ত তুলে ধরতেই কাজ শুরু করেন। প্রেমিকের চিঠি পড়তে পড়তে যে কেউ কোকিলের ডাক শুনে কল্পনার রাজ্যে ডুবে যেতে পারে, সেই নস্টালজিয়াও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

শিল্পী নুশরাত জাহান এখন এস্তোনিয়ায় আছেন

‘সমুদ্র সারস’ সিরিজটি চালিয়ে যেতে চান নুশরাত। এটা নুশরাতের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নিজস্ব ডায়েরিতে যেভাবে কোনো ঘটনা লিখে রাখা যায়, সেভাবেই তিনি কাগজে অ্যাক্রিলিক রঙে স্মৃতি টুকে রাখছেন।

ফেসবুকে ‘সমুদ্র সারস’ সিরিজের একেকটি ছবি আপলোড দিয়ে তার সঙ্গে ছোট করে বিষয়বস্তুও লিখে দেন নুশরাত। এতে এস্তোনিয়ার শিল্পীসহ অন্যরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।

নুশরাত বলেন, বাঙালি ফোক ধাঁচে আঁকা ছবি কেন ভালো লাগছে, তা তিনি এস্তোনিয়ার অনেকের কাছে জানতে চেয়েছেন। তাঁদের উত্তর, ছবির গল্পটা হয়তো তাঁরা পুরোপুরি বুঝতে পারছেন না, কিন্তু ছবিটি তাঁদের কাছে জীবন্ত মনে হচ্ছে। ছবিতে যে দৈনন্দিন জীবনের কোনো গল্প লুকিয়ে আছে, তা তাঁরা ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন।

নিজের জীবনের সঙ্গে শিল্পচর্চার সংযোগ আরও মজবুত করতে চান নুশরাত। তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থায় অনেক সময় গতানুগতিক কাজের বাইরে বের হয়ে কোনো কিছুর চর্চাকে খুব একটা উৎসাহ দেওয়া হয় না। অথচ নিজের পরিচিত গণ্ডি থেকে বের হতে পারলে জানা যায়, শিল্পচর্চার অবারিত সুযোগ রয়েছে। হয়তো সেই সম্ভাবনার কথা আমরা জানিই না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো কোনো কিছুর আশা না করে ছবি এঁকে যাওয়া। এতে নিজের সঙ্গে শিল্পচর্চার সংযোগটা মজবুত হয়।’