চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপিওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন। আগারগাঁও, ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপিওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন। আগারগাঁও, ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নিউমুরিং টার্মিনাল ডিপিওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপিওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষের (পিপিপি) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের টার্মিনাল এনসিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে তড়িঘড়ি করে বিতর্কিত বিদেশি কোম্পানির হাতে কনসেশন চুক্তিতে এই টার্মিনাল ইজারা দেওয়ার সরকারি উদ্যোগ আত্মঘাতী ও দেশীয় স্বার্থবিরোধী।

এই উদ্যোগ থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে দুর্ভিক্ষ টেনে আনাসহ বাংলাদেশকে সোমালিয়া-সোমালিল্যান্ড ও সুদান-ইয়েমেনের মতো সংকটময় পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ডিপিওয়ার্ল্ডের অতীত কর্মকাণ্ড এমনটাই বলছে।

সমাবেশে সংগঠনটির নেতারা আরও বলেন, ডিপিওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়া ভারত-ইসরায়েলের ‘আইমেক করিডর’ পরিকল্পনার অংশ। এই করিডরে একবার যুক্ত হয়ে গেলে চট্টগ্রাম বন্দরকে ইসরায়েল-ভারতের সিন্ডিকেট থেকে আর বের করা যাবে না।

স্টুডেন্টস ফর সভরেন্টির নেতারা বলেন, উন্মুক্ত দরপত্র ছাড়া ও দেশি-বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানকে বিডের সুযোগ না দিয়ে চুক্তি সম্পাদনের চেষ্টায় অস্বচ্ছতা, কমিশন–বাণিজ্য ও ব্যক্তিগত স্বার্থের প্রশ্ন উঠছে। এনসিটি ইজারার প্রক্রিয়া থেকে অবিলম্বে সরে না এলে তীব্র আন্দোলনের ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সমাবেশে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।