
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বাংলাদেশে শিক্ষার মান বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে। তিনি বলেছেন, দেশ নানা দিক থেকে একটা পচনের প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। নীতি-আদর্শ-সত্যবাদিতা-সৌন্দর্যের অনুসন্ধান আজ পেছনে পড়ে যাচ্ছে। ভোগবাদ মানুষের মনস্তত্ত্বে ঢুকে গেছে। অর্থের লোভ, ব্যক্তিগত সুবিধা ও স্বার্থই এখন লক্ষ্য হয়ে উঠেছে।
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। প্রকাশনা প্রতিষ্ঠান দ্যু প্রকাশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘লেখক-পাঠক সম্মিলনী’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির লেখকেরা বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে গল্প বলা, আবৃত্তি ও গান পরিবেশন করে খুদে পাঠকেরা। শিশুদের ছবি আঁকার একটি পর্বও ছিল এ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমরা ছোটবেলায় বইয়ের জন্য পাগল হয়ে এদিক-সেদিক ছুটে বেড়াতাম। মৌখিকভাবে শিখে আমরা কবিতা আবৃত্তি করতাম। আরেকটু বড় হওয়ার পর বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজনের কার কাছে কোন বই আছে, তা ছিল আলোচনার বিষয়বস্তু। সেই পরিবেশ-পরিস্থিতি এখন কতটা আছে, সেটা সম্পর্কে আমাদের উপলব্ধি শাণিত করা প্রয়োজন। আমরা সমাজবিপ্লবের সংগ্রাম করি। সমাজকে রূপান্তর করে সুন্দরের জগৎ প্রতিষ্ঠা করতে হলে সংস্কৃতিকে প্রধান লক্ষ্য করতে হবে। এ জন্য নানা মাধ্যমের মধ্যে বই ও প্রকাশনা জগৎ একটা শক্তিশালী অনুষঙ্গ। কিন্তু এটা আজকে নানা গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন।’
প্রবীণ এই বামপন্থী রাজনীতিক আরও বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির কথা বলে বইয়ের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে। হাতে বই রেখে পাঠ করে যে আমেজ বা অনুভূতি অর্জন করা সম্ভব, ডিজিটাল স্ক্রিনে পাঠ করে তা সম্ভব নয়। জানি না, ভবিষ্যতে কী হবে। এখন আবার ঢাকঢোল পেটানো হচ্ছে, আমরা ডিজিটাল থেকে স্মার্ট যুগে চলে যাব। গুগলের মতো মাধ্যম ব্যবহারের ফলে এক বাক্যে সবকিছু সহজে বুঝে ফেলার একটা প্রবৃত্তি আমাদের মধ্যে তৈরি হয়েছে। কাগজের দাম বেড়ে গেছে। প্রকাশনাশিল্প আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে, জানি না।’
আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘ছেলেমেয়েরা এখন বই পড়তে চায় না। তারা মুঠোফোনে দেখে পড়ে। ঠিক যতটুকু দরকার, ততটুকুই তারা পড়ে। কিন্তু আমাদের ছেলেবেলা কেটেছে বইয়ের মধ্যে। ১৮ বছর বয়স পর্যন্ত যে বইয়ের জগৎ, সেই জগৎটা না থাকলে আজকে আমি যা হয়েছি, তা হতে পারতাম না। ঠিক বয়সে সবারই ঠিক বইটা পাওয়া দরকার।’
অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘যাঁরা শুনবেন, ধৈর্য ধরে পড়বেন-লিখবেন, উপলব্ধি করবেন এবং তা সবার মধ্যে ছড়িয়ে দেবেন, এ ধরনের মানুষ বাড়াতে পারলে খুব ভালো হবে। আমার কাজই লেখালেখি। লেখালেখির ক্ষেত্রে আমার অনুপ্রেরণা হচ্ছেন পাঠক। পাঠকের কথা ভেবেই আমি লিখি। একজন বয়স্ক ব্যক্তি হিসেবে এমন কিছু লেখার চেষ্টা করি, যাতে ছোট ছেলেমেয়েরা পড়ার প্রতি আকৃষ্ট হয়। আমি যখন খুবই ছোট ছিলাম, তখন আমার বড় ভাইয়েরা একেক দিন একেকটা বই নিয়ে আসত। আমরা সেই বই পড়তাম। লেখকের একটা বড় দায়িত্ব হচ্ছে তিনি যা লিখছেন, তা পাঠক কতটা উৎসাহ নিয়ে পড়বেন এবং ভুল কিছু না লেখা, এ বিষয়গুলো মাথায় রেখে লেখা। প্রত্যেক লেখকই এর পেছনে সময় দেন।’
লেখক ও চিকিৎসক রোমেন রায়হান বলেন, বইকে পাঠকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে দ্যু প্রকাশন অন্যদের চেয়ে আলাদা। তাদের প্রকাশিত বই হাতে নিয়ে বলতে হয় ‘বাহ্’। তাদের বিষয় নির্বাচনও ভালো।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে লেখক সৈয়দ তোশারফ আলী, এম এ আজিজ মিয়া, আবদুল মান্নান খান, সৈয়দ কামরুল হাসান, আহমদ বশির, সুমাইয়া বরকতউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।