
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, গ্রেপ্তারের পর চোরদের যেন জামিন না হয়, সেই বিষয়ে লক্ষ রাখতে এবং জামিন পেলেও তাঁদের গতিবিধি নজরে রাখতে বলেছেন।
রোববার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, যেসব এলাকায় চুরি হয় সেসব এলাকার নৈশপ্রহরীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। প্রয়োজনে নৈশপ্রহরী ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারদেরও চুরি প্রতিরোধে সক্রিয় করা হবে। পাশাপাশি নিরাপত্তার বিভিন্ন বিষয়ে তাঁদের সচেতন করা হবে।
ছিনতাইয়ের ঘটনা ঘটলেই যেন মামলা গ্রহণ করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকে প্রতিটি থানার ওসিদের লক্ষ রাখার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেকের জায়গা থেকে ছিনতাই প্রতিরোধে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এখন রাজধানীর প্রায় সব বাড়িতেই ক্লোজড সার্কিট ক্যামেরা রয়েছে। চুরি প্রতিরোধে সিসি ক্যামেরা সচল আছে কি না, বা বাড়ির পেছনের দিকের লাইট ঠিক আছে কি না, সেগুলো খেয়াল রাখতে হবে।
ডিএমপি প্রধান বলেন, সার্ভার ডাউন বা সার্ভার স্লো হওয়ার কারণে পুলিশের ইন্টারনেটভিত্তিক ব্যবস্থা সমস্যার সম্মুখীন হচ্ছে। সার্ভার জটিলতায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসা সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সার্ভার থাকলে অনলাইনে জিডি হবে, না থাকলে ম্যানুয়ালি জিডি করে দিতে হবে।
হাবিবুর রহমান আরও বলেন, আসন্ন কোরবানির ঈদের গরুর হাট নিয়ে ডিএমপির পূর্বপ্রস্তুতি রাখতে হবে। নির্ধারিত জায়গার বাইরে রাস্তার পাশে যেন গরু না রাখা হয়, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আয়োজকদের সঙ্গে বসতে হবে, তাঁদের স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে নির্ধারিত জায়গার এক ইঞ্চি বাইরেও যেন গরু না রাখা হয়। প্রয়োজনে হাটের জন্য নির্ধারিত এলাকা বাঁশ দিয়ে ঘিরে রাখতে হবে। নিরাপত্তার জন্য গরুর হাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। যত্রতত্র কোরবানির পশু জবাই প্রতিরোধেও যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি থাকতে হবে।