
ক্যারিয়ার, নেতৃত্ব কিংবা নিজের ভবিষ্যৎ–সম্ভাবনার সুযোগ নিয়ে তরুণদের মনে থাকে নানা প্রশ্ন। অনেক সময় অভিজ্ঞদের পথচলার গল্পে মেলে এসব প্রশ্নের উত্তর। সেই গল্প শুনতে ও নিজেদের স্বপ্নের সীমানা বড় করতে জড়ো হয়েছিলেন হাজারো তরুণ।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’। গতকাল শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন পাঁচ হাজার তরুণ-তরুণী। এ আয়োজনের দশম আসরে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন অঙ্গনের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ উপস্থিত ছিলেন।
ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্ভাবন কর্মকর্তা (সিআইও) গোলাম সামদানি ডন। এ সময় তিনি বলেন, ‘১০ বছর আগে একটি সহজ বিশ্বাস থেকে “রাইজ অ্যাবোভ অল”-এর যাত্রা শুরু হয়েছিল। সঠিক সময়ে সঠিক আলোচনা একজন তরুণের জীবন বদলে দিতে পারে। সেই দর্শন থেকে নেওয়া এ উদ্যোগে তরুণদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।’
নেতৃত্ব ও প্রতিকূলতা মোকাবিলার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী, বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান এবং সিসিআই বাংলাদেশের জেনারেল ম্যানেজার ও ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান।
অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যেতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে।’
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘তরুণদের মেধায় বিনিয়োগ মানেই বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ।’ রাইজ অ্যাবোভ অল ১০এক্সের সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল ইয়াসির আজমান, রুবাবা দৌলা ও শেখজাদ মুনিমের অংশগ্রহণে ‘লিডারশিপ আড্ডা’। বাংলাদেশ ও তুরস্কের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে হয় ‘টার্কিশ আড্ডা’। ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমন, শুভাশীষ ভৌমিক ও শৌমিক আহমেদ অংশ নেন ‘ইনফ্লুয়েন্সার আড্ডা’য়।
এ ছাড়া অভিনেতা তৌসিফ মাহবুব এবং ব্যান্ড দল ওয়ারফেজে প্রধান কণ্ঠশিল্পী শেখ মনিরুল আলম টিপুর সঙ্গে ছিল অংশগ্রহণমূলক পর্ব। ওয়ারফেজের সরাসরি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল মাস্টারকার্ড, পাওয়ার্ড বাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। সহযোগিতায় ছিল ফিট এলিগেন্স। এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন ও মিউজিক্যাল পার্টনার বাটা। কো-স্পনসর ছিল ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, এ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেল্টেক্।
সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল টার্কিশ এয়ারলাইনস, এলিট স্টিল, কোকা-কোলা, কেএফসি, ফুডি, চেরি, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, ড্যান কেক, ফ্রেশ, বোম্বে সুইটস, আমা কফি, সেনোরা, ডেটল, ব্লুচিজ, তাবাক কফি, ইশো, টিকিফাই, আইস টুডে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, শাটার লেন্স, এলিট ফোর্স ও লিংক থ্রি।
আয়োজকেরা জানান, এবারের আয়োজনের আগে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৫২টির বেশি ক্লাবে প্রচার কার্যক্রম চালানো হয়। গত এক দশকে এ আয়োজনের মাধ্যমে ৪০ লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছে তারা। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।