১৫ জানুয়ারির মধ্যে গাইবান্ধা-৫ উপনির্বাচন: রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
ফাইল ছবি

চলতি সপ্তাহেই গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ভোট গ্রহণ করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার রাশেদা সুলতানা এ তথ্য জানান।

রাশেদা সুলতানা বলেন, ‘গাইবান্ধার পর যে কয়টা ভোট করেছি, কোথাও কোনো ঝামেলা হয়নি। আশা করি এবারও হবে না। একটা ভালো নির্বাচন করে ফেলতে পারব।’ তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের ১৪৫ ভোটকেন্দ্রে ভোট হবে। এই ভোটে নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ নেই।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোট গ্রহণের মাঝপথে নির্বাচন বন্ধ করে দেয় ইসি। ভোট চলাকালে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ৫১টি ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ৫১টি কেন্দ্রের ঘটনা তদন্ত করে গত ২৭ অক্টোবর ইসিকে প্রতিবেদন দেয়। পরে বাকি ৯৪ কেন্দ্রে অনিয়ম ছিল কি না, তা সিসিটিভি ফুটেজ দেখে পর্যবেক্ষণ প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি।