সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের ব্যবহৃত চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বা উত্তোলন কিংবা ব্যবহার আইনি বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
বিচার বিভাগীয় একজন কর্মকর্তা, সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করে ৬০ দিনের মধ্যে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী।
সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বা উত্তোলন কিংবা ব্যবহার ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে ঢাকার আদালতের আইনজীবী মো. শরীফ সরকার গত বৃহস্পতিবার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।
রিট আবেদনকারীপক্ষ জানায়, সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা যাঁরা পতাকা ব্যবহার বা প্রদর্শনের আইনগত অধিকার রাখেন না, তাঁদের চেয়ার ও সোফার পাশে কিংবা পেছনে পতাকা ব্যবহার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
১৯৭২ সালের পতাকা বিধিমালায় জাতীয় পতাকার মর্যাদা, ভাবমূর্তি ও সম্মান রক্ষার কথা বলা হয়েছে বলে জানান আইনজীবী সানজীদ সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, ‘১৯৭২ সালের বিধিমালায় সরকারি গুরুত্বপূর্ণ ভবন, ১৫ শ্রেণির ব্যক্তির বাসস্থান এবং আট শ্রেণির ব্যক্তির গাড়িতে পতাকা ব্যবহার করা যাবে। এর বাইরে কেউ ব্যবহার করতে পারেন না। ১৫ পদমর্যাদার ব্যক্তির বাসস্থানের মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও মন্ত্রী-উপমন্ত্রীদের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিধিমালায় অফিসকক্ষের ভেতরে পতাকা প্রদর্শন বা ব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি।’
সব সরকারি দপ্তর-সংবিধিবদ্ধ সংস্থার অফিসকক্ষে চেয়ার বা সোফার পার্শ্ববর্তী স্থানে বিধিবহির্ভূতভাবে যাতে জাতীয় পতাকা প্রদর্শন কিংবা ব্যবহার না করা হয়, সে জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী সানজীদ সিদ্দিকী।