ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আজ মঙ্গলবার বিকেলে যোগ দিয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। নতুন এই উপাচার্য বলেন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে আরও পরিচিত করাই হবে প্রথম কাজ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী গতকাল সোমবার অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ বিকেলে তিনি যোগদান করেন। এর আগে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. আবদুর রশীদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যোগদানের পর উপাচার্যের অফিস–সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চু৵য়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়কে আরও পরিচিত করাই হবে প্রথম কাজ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।
ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সবাইকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে চাই। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সফলভাবে দায়িত্ব সম্পন্ন করায় তিনি সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অধ্যাপক নিয়াজ যে কার্যক্রম গ্রহণ করেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করা হবে।
নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার দেওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।