মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো
মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো

আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা ঢাকায় আসছেন কাল

ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন। বাংলাদেশে তাঁর এ সফরের আয়োজক আইপিপিএফের সহযোগী সদস্য সংগঠন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।

আইপিপিএফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে মারিয়া আন্তোনিয়েতা সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। এসব বৈঠকে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা, তরুণদের ক্ষমতায়ন এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে তিনি পিএসটিসির কয়েকটি প্রকল্প ও সেবাকেন্দ্র পরিদর্শন করবেন। এর মাধ্যমে তিনি মাঠপর্যায়ে পিএসটিসির চলমান কার্যক্রম, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা, নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ সরেজমিনে দেখবেন।

এ সফরের একটি বিশেষ আয়োজন হলো ‘সহায়তার গণ্ডি পেরিয়ে: অধিকার সুরক্ষা ও সেবার ধারাবাহিকতা নিশ্চিতকরণ’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা। পিএসটিসি ও দৈনিক বণিক বার্তা যৌথভাবে এ আয়োজন করছে। এতে সরকারের নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, গবেষক ও শিক্ষাবিদেরা অংশ নেবেন। পরিবর্তিত বৈশ্বিক উন্নয়ন অর্থায়নের প্রেক্ষাপটে বিকল্প অর্থায়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকারভিত্তিক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের (নয়ন) আয়োজনে তরুণদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন আইপিপিএর মহাপরিচালক। এ আয়োজনে তিনি তরুণদের অভিজ্ঞতা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও সুপারিশ সরাসরি শোনার সুযোগ পাবেন। তরুণ নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অর্থবহ অংশগ্রহণ এবং মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।

মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রোর এ সফর বাংলাদেশে আইপিপিএফ ও পিএসটিসির দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা এবং জনগণের কল্যাণে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার যৌথ অঙ্গীকারকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।