
দুর্গাপূজা উপলক্ষে দেশের সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং প্রবেশপথে মেটাল ডিটেকটর ও আর্চওয়ে গেট স্থাপন করবে পুলিশ। পূজার আগে, পরে ও পূজার দিন তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় আইজিপি বেনজীর আহমেদ শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। আইজিপি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। তিনি এ সময় কমিউনিটি পুলিশের সদস্য ও বিট পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্ট দুর্গাপূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে পূজার নিরাপত্তায় নিয়োজিত থাকার অনুরোধ জানান।
পুলিশ জানিয়েছে, পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, আজান ও নামাজের সময় উচ্চ শব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদ্যাপন কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে। আর যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করার জন্যও অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন, বিশেষ শাখার (এসবি) প্রধান (অতিরিক্ত আইজি) মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী কল্পেশানন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দেশের সব মহানগরের পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা উদ্যাপন হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।