মেট্রোরেল
মেট্রোরেল

মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা

মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা ও মেট্রোরেল স্থাপনায় নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে স্টেশনগুলোতে নজরদারি বাড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ১১ জন কর্মকর্তার একটি দল গঠন করা হয়েছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেওয়া এবং মেট্রোরেল স্থাপনার পাশে ককটেল বিস্ফোরণের পর পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো বাড়তি পুলিশ পাওয়া যায়নি।

মেট্রোরেলের জন্য আলাদা মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ আছে। এই বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে ৩০০ জন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, এই জনবল দিয়ে প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন। বিশেষ করে নাশকতার প্রেক্ষাপটে বাড়তি জনবল দরকার।

এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর আজ শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, এমআরটি পুলিশের সদস্যরা পোশাকে এবং সাদাপোশাকে (সিভিল) দায়িত্ব পালন করছেন। যাত্রীদের নিরাপত্তার সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ এবং সংশ্লিষ্ট থানা থেকে সহায়তা নেওয়া হয়। তিনি জানান, বাড়তি ৪০০ সদস্যের জন্য চিঠি দেওয়া হয়েছে।

৯ নভেম্বর মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। জ্বলন্ত বাস থেকে কালো ধোঁয়া ওপরের দিকে উঠতে থাকে। ওই ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা চিন্তা করে যাত্রীদের স্টেশন থেকে বের করে দেওয়া হয়।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চলতি মাসের শুরু থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে ‘লকডাউন’সহ নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, নাশকতার প্রেক্ষাপটে মেট্রোরেলের প্রতিটি স্টেশনে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে উত্তরা উত্তর এবং সচিবালয় স্টেশনে এই ব্যবস্থা আছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের স্টেশন আছে ১৬টি।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আছেন ১১ জন। এই কর্মকর্তাদের প্রতিটি স্টেশনে নজরদারি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে। এ ছাড়া সংস্থাটির অধীনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মেট্রোরেলে বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী চলাচল করেন। ভোর থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।