ডেঙ্গু পরীক্ষা
ডেঙ্গু পরীক্ষা

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৮৩৯ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২ এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে—১৫৯ জন। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৩৫ জন, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১, রংপুরে ২৩ ও সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৮ হাজার ৯২৯ জনের মধ্যে ২৬ হাজার ৮৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৫১ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৩ নতুন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকার হিসাব মিলিয়ে মোট ১৫২ জন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। মোট রোগীর ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ১ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে নারী কিছুটা বেশি। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৮২ জনের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ নারী ও ৪০ দশমিক ৭ শতাংশ পুরুষ।

বয়সভিত্তিক তথ্যেও তরুণদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ২১ থেকে ২৫ বছর বয়সী ৪ হাজার ১২২ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৪ হাজার ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ ২১ থেকে ৩০ বছর বয়সী রোগীর সংখ্যা ৮ হাজার ১৮৭।

সিটি করপোরেশন এলাকার রোগীও বেশি। চলতি বছর সিটি করপোরেশন এলাকায় ২০ হাজার ৯৭২ জন এবং এর বাইরে ৭ হাজার ৫৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাবে আগস্টে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৬১৯ জন, যা এ বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি। জুলাইয়ে আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ২০৬ জন।