
রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় মো. মিজানুর রহমান এবং বিকাশ চন্দ্রের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মারুফ রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুই আসামির জামিনের আবেদন ছিল। শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ উপস্থিত ছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ২৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। ১ অক্টোবর তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৭ অক্টোবর রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
৪ অক্টোবর বিকাশ চন্দ্র সরকারকে মাগুরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রকল্পের কার্যালয় ও আশপাশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক হামলা–ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনায়ও ভাঙচুর হয়। এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন।