
২৪ বছর আগে চট্টগ্রাম নগরে মাসুদ চৌধুরী (১৮) নামের এক তরুণকে হত্যার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন মো. রফিক ও আজিম উদ্দিন। আজ রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় হাজির ছিলেন রফিক, পলাতক রয়েছেন আজিম। অনুপ মল্লিক নামের আরেক আসামি খালাস পান।
আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর নগরের চন্দনপুরা এলাকায় কলেজছাত্র মাসুদ চৌধুরীকে পূর্ববিরোধের জেরে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর চাচা হারুন চৌধুরী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ৩০ অক্টোবর অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।